বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ব্যস্ত জীবনে হাতের সামনে চটজলদি খাবার পেতে অনেকেই ভরসা করেন হোম ডেলিভারিতে। উপরন্তু গ্যাস সঙ্কট দেখা দেওয়ার পর থেকে অনেকেই গ্যাস বাঁচাতে মাঝে মাঝে খাবার অর্ডার করে খাচ্ছেন। কিন্তু এবার অনলাইন ফুড ডেলিভারি (Swiggy) সংস্থাগুলির এক সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন গ্রাহকরাও। প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সুইগিও।
প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সুইগি (Swiggy)
আগেই প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে জোম্যাটো। প্রতি অর্ডারে ২ টাকা ৪০ পয়সা চার্জ বাড়িয়েছে জোম্যাটো। এবার একই পথে হেঁটে প্ল্যাটফর্ম ফি বাড়াল সুইগি। একধাক্কায় ১৭ শতাংশ বাড়িয়ে জিএসটি সহ ১৭ টাকা ৫৮ পয়সা প্ল্যাটফর্ম ফি করেছে সুইগি। আগে এই ফি ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। জানানো হয়েছে, প্ল্যাটফর্ম চালানো এবং রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন বাড়ানো হল ফি: হিসেব করলে এখন সুইগির চার্জ এবং করসহ জোম্যাটোর চার্জ একই হয়ে দাঁড়িয়েছে। যদিও এই দুই প্রতিদ্বন্দ্বী সংস্থার এমন প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে কেন এত বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম ফি (Swiggy)? সংস্থাগুলির দাবি অনুযায়ী, অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন, সার্ভার সহ রক্ষণাবেক্ষণ খরচ এবং ডেলিভারি নেটওয়ার্ক পরিচালনার খরচ তুলতেই বাড়ানো হয়েছে ফি।
আরও পড়ুন : ট্রেনে আর করা যাবে না এই কাজ, ধরা পড়লেই হবে মোটা জরিমানা
গ্রাহকদের পকেটে চাপ: যারা প্রায় নিয়মিত খাবার অর্ডার করে থাকেন, তাদের মাসিক খরচে এই অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে আরও প্রশ্ন উঠছে, এই দাম বৃদ্ধি কি ধারাবাহিক ভাবে চলতেই থাকবে? সেক্ষেত্রে গ্রাহক সংখ্যার ক্ষেত্রে কোনও প্রভাব পড়ে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন : আরও বেশি সুযোগ পড়ুয়াদের, চাইলে নতুন সেমিস্টারে দেওয়া যাবে যোগ
প্রসঙ্গত, সম্প্রতি বাজারে আরও এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থাল আগমন ঘটেছে, যাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছে। Rapido বেঙ্গালুরুতে চালু করেছে ‘Ownly’ নামের একটি নতুন ফুড ডেলিভারি পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হল, রেস্তোরাঁ বা গ্রাহক কারোর থেকেই প্ল্যাটফর্ম ফি নিচ্ছে না এই নতুন সংস্থা। আগামীদিনে বাজারে প্রতিদ্বন্দ্বিতা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা।












