বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই দলের (Trinamool Congress) অন্দরে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করলেন হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রভাবশালী নেতা রাজু সাহানি (Raju Sahani)। একটি সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি দলবদল করে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন। হালিশহরের এই গুরুত্বপূর্ণ নেতার দল পরিবর্তন রাজনৈতিক মহলে প্রভাব ফেলতে পারে।
তৃণমূল (Trinamool Congress) ছাড়লেন রাজু সাহানি
সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ করেন রাজু সাহানি। তিনি অভিযোগ করে বলেন, “দলে তাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না। দীর্ঘদিন ধরে উচ্চ নেতৃত্ব তাকে গুরুত্ব দিচ্ছিলেন না। এমনকি দলের অন্দরে তার প্রতি বিশ্বাসেও ভাঁটা পড়েছিল।” আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচারহীনতা থেকে শুরু করে দলের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজু। এই পরিস্থিতিতে ওই দলে থাকা সম্ভব হচ্ছিল না বলেই জানিয়েছেন তিনি।
রাজু সাহানি আরও জানান, ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এর আগে রামনবমীর দিনে অর্জুন সিং এবং বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের সঙ্গে তাকে একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
অন্যদিকে, রাজু সাহানির দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “উনি অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছিলেন। এটা হওয়ারই ছিল। এতে দলের কোনো ক্ষতি হবে না এবং সাধারণ মানুষ তৃণমূলের পাশেই আছেন।”

আরও পড়ুন : যুদ্ধের আবহে ফের টান পড়বে পকেটে! লাফিয়ে বাড়ল প্যাকেজড পানীয় জলের দাম
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে মালবাজার এলাকায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি বিজেপির এক পঞ্চায়েত সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের দাবি, মাল ব্লকের প্রায় ১৫০টি পরিবার বিজেপি ত্যাগ করে শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই গণ দলবদল ওই অঞ্চলে বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।












