বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প চালু হওয়ার পর থেকেই অগ্নিবীরদের (Agniveer) চার বছরের চাকরির মেয়াদ এবং তার পরবর্তী ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে বিস্তর আলোচনা ও বিতর্ক হয়েছে। বহু ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে, চার বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর এই তরুণদের কর্মসংস্থানের কী হবে। সেই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল গুজরাট সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘোষণা করেছেন, অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য রাজ্য সরকারি চাকরিতে ২০ শতাংশ সংরক্ষণ রাখা হবে। বিশেষ করে ক্লাস-৩ বা তৃতীয় শ্রেণির সরকারি পদে এই সংরক্ষণ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে অগ্নিবীরদের জন্য একাধিক সুবিধার কথাও তুলে ধরেছেন।
অবসরপ্রাপ্ত অগ্নিবীদের জন্য বড় উপহার ঘোষণা গুজরাটের (Agniveer):
ভূপেন্দ্র প্যাটেলের ঘোষণায় শুধু চাকরিতে সংরক্ষণই নয়, নিয়োগ প্রক্রিয়াতেও একাধিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রাক্তন অগ্নিবীরদের (Agniveer) শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সসীমাতেও উল্লেখযোগ্য ছাড় মিলবে। সাধারণভাবে সর্বোচ্চ বয়সসীমায় তিন বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচের সদস্যদের জন্য এই ছাড় আরও বেশি। তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে সেনাবাহিনীতে চার বছরের দায়িত্ব পালনের পর চাকরির বাজারে প্রবেশ করতে গিয়ে বয়সজনিত কোনও সমস্যার মুখে পড়তে হবে না বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ক্যান্সার টু হাঁটু রিপ্লেসমেন্টের চিকিৎসার খরচ কমাতে বড় পদক্ষেপ, বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই সুবিধা মূলত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ পদে প্রযোজ্য হবে। সশস্ত্র পুলিশ সাব-ইন্সপেক্টর, সশস্ত্র পুলিশ কনস্টেবল, স্টেট রিজার্ভ পুলিশ বা এসআরপি প্লাটুন কমান্ডার এবং পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীররা এই সংরক্ষণ ও বয়সের ছাড়ের সুবিধা পাবেন। সরকারের মতে, সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং শৃঙ্খলাবদ্ধ এই তরুণদের দক্ষতা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সেই কারণেই তাঁদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করা হয়েছে।
তবে সুবিধার পরিধি শুধু পুলিশ বিভাগেই সীমাবদ্ধ থাকছে না। ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, কারা ও বন দপ্তরের বিভিন্ন পদেও প্রাক্তন অগ্নিবীরদের জন্য একই ধরনের সুযোগ রাখা হবে। কারা বিভাগের ‘জেলার গ্রুপ-২’ এবং ‘জেল সিপাই’ পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও তাঁরা সংরক্ষণের সুবিধা পাবেন। পাশাপাশি বন ও পরিবেশ দপ্তরের অধীনে ‘ফরেস্ট গার্ড ক্লাস-৩’ এবং ‘ফরেস্ট ওয়াচার ক্লাস-৩’ পদেও তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে অগ্নিবীরদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে।

আরও পড়ুন: ২০ শতাংশ DA বেড়েছে! এবার সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার বিভিন্ন পদে তরুণদের চার বছরের জন্য নিয়োগ করা হয়। চাকরির মেয়াদ শেষে তাঁদের একটি অংশ স্থায়ীভাবে বাহিনীতে থাকার সুযোগ পেলেও অধিকাংশ অগ্নিবীরকে অবসর নিতে হয়। সেই কারণে তাঁদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বেগ ছিল। গুজরাট সরকারের এই পদক্ষেপকে সেই উদ্বেগ দূর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় যদি আরও এ ধরনের সুযোগ তৈরি হয়, তবে অগ্নিপথ প্রকল্পে যোগ দিতে আগ্রহী তরুণদের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়বে (Agniveer)।

















