রেশন-কাণ্ড পেরিয়ে ‘বালু’র প্রত্যাবর্তন জ্যোতিপ্রিয়র! তৃণমূলে বড় দায়িত্বে বালু

Published on:

Published on:

TMC Assigns Key Role to Jyotipriya Mallick Ahead of 2026 Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা—জঙ্গিপুর, বহরমপুর এবং বারাসাতের জন্য নির্বাচনী কোর কমিটির ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণাতেই বাড়তি দায়িত্ব পেলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

সাংগঠনিক ক্ষেত্রে সক্রিয় ছিলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)

রেশন-কাণ্ডে নাম জড়িয়ে কারাবাসের পর সম্প্রতি জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), যিনি দলের অন্দরে ‘বালু’ নামেই পরিচিত। মুক্তির পর থেকেই সংগঠনের কাজে সক্রিয় ছিলেন তিনি। এবার ছাব্বিশের ভোট প্রস্তুতিকে সামনে রেখে বারাসাত সাংগঠনিক জেলার নির্বাচনী কোর কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বারাসাতের এই কোর কমিটিতে মোট ১৬ জন সদস্য রয়েছেন। আহ্বায়কের দায়িত্বে রয়েছেন রথীন ঘোষ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সদস্যদের তালিকায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদার এবং সুজিত বসুর মতো গুরুত্বপূর্ণ নামও।

রেশন-কাণ্ডে কারাবাস হলেও সাংগঠনিক ক্ষেত্রে সক্রিয় ছিলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। তাঁর অনুপস্থিতিতে অন্য নেতারা দায়িত্ব সামলালেও জামিন পাওয়ার পর জেলাজুড়ে দলের প্রচারে দেখা গিয়েছে তাঁকে। ফলে বারাসতের কোর কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁর দায়িত্ববৃদ্ধি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রেশন দুর্নীতির মামলায় নাম জড়ানো আনিসুর রহমানও রয়েছেন বারাসতের এই কোর কমিটিতে।

শুধু বারাসতই নয়, জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক জেলাতেও গঠন করা হয়েছে নির্বাচনী কোর কমিটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুর্শিদাবাদ ও সংলগ্ন মুসলিম অধ্যুষিত এলাকায় হুমায়ুন কবীর এখন তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিকে মাথায় রেখেই এই দুই সাংগঠনিক জেলায় কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব।

Trinamool Congress Begins Strict Performance Scan for 2026 Tickets

 

আরও পড়ুনঃ আইপ্যাকের কনটেন্টে মুখ, তৃণমূল যোগ নিয়ে কী বললেন সুদীপ্তা?

জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ১০ সদস্যের কোর কমিটি তৈরি হয়েছে। তালিকায় রয়েছেন ফরাক্কার বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ মুখ।

অন্যদিকে বহরমপুর সাংগঠনিক জেলায় গঠিত কোর কমিটিতে মোট সদস্য সংখ্যা ১৬। সেখানে রয়েছেন আবু তাহের খান, রবিউল আলম চৌধুরী এবং গোলাম মুর্শেদের মতো কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি। ছাব্বিশের ভোটকে সামনে রেখে সাংগঠনিকভাবে শক্ত ভিত গড়ে তুলতেই এই কোর কমিটি গঠন বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের।