বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে (TMC Clash) রণক্ষেত্রের চেহারা নেয় আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি বাজার। ইট-পাথর ছোড়াছুড়িতে আহত হয়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া অশান্তি শুক্রবার সকালেও জারি থাকে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
কী নিয়ে শুরু হয় কোন্দল (TMC Clash)?
বৃহস্পতিবার বিকেলের দিকে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে তর্কাতর্কি (TMC Clash) শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতি এবং পরে ইট-পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের জেরে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূলের দুই প্রভাবশালী নেতা আজাদ কয়াল এবং মুর্শিদ শেখের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। মূলত এলাকায় প্রভাব বিস্তার ও দখলদারিকে কেন্দ্র করেই এই বিরোধ। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আজাদ কয়াল ও তাঁর সমর্থকরা মুর্শিদ শেখের গোষ্ঠীর উপর আচমকা হামলা চালায়। যদিও আজাদ কয়ালের দাবি, প্রথমে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল। আত্মরক্ষার্থেই তাঁরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।
সংঘর্ষে (TMC Clash) আহতদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই ঢুড়ি বাজার ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং টহলদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে আর অশান্তি না ছড়ায়। বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ রাজ্য বাজেটে হেলথ স্কিমে বড় বদল! পেনশনভোগীদের চিকিৎসা খরচে বিরাট ছাড়ের ঘোষণা
এই প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” তবে পুলিশের আশ্বাস সত্ত্বেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির (TMC Clash) উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।












