‘আমরা যখন এক দলে ছিলাম, অনেক সাহায্য করেছেন’! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া

Published on:

Published on:

TMC MP Mahua Moitra praises CM Suvendu Adhikari reveals old incident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দুই আলাদা দলের অংশ হলেও একসময় এক দলে ছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই সময়কার বেশ কিছু অজানা তথ্য ফাঁস করলেন কৃষ্ণনগরের সাংসদ। একইসঙ্গে জানান, শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার পরেও একটা ব্যক্তিগত ‘কানেকশন’ রয়ে গিয়েছে।

‘শুভেন্দু আমার খুব ভাল বন্ধু’: মহুয়া মৈত্র | (Mahua Moitra)

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সমীকরণ নিয়ে মুখ খোলেন মহুয়া। তিনি বলেন, “শুভেন্দু আমার খুব ভাল বন্ধু। আমরা যখন একসঙ্গে এক দলে ছিলাম, সেই সময় উনি আমায় অনেক সাহায্য করেছেন”।

আরও পড়ুনঃ মমতার তৃণমূল নাকি ঋতব্রতর, কার পাশে কেষ্ট? এক উত্তরে তোলপাড়

কৃষ্ণনগরের সাংসদ জানান, বিধানসভা নির্বাচনে তিনি যখন প্রথম করিমপুরে লড়াই করেছিলেন, সেই সময় তাঁর জন্য প্রচার করতে কেউ আসেননি। শুভেন্দুই প্রথম মিছিল করেছিলেন। এখনও ছবি দেখলে শুভেন্দু ও তাঁকে একাই দেখা যাবে বলে দাবি করেন তিনি।

মহুয়া বলেন, “আমার পতাকার প্রয়োজন ছিল। শুভেন্দু আমায় পাঠাতেন। ২০১৪ লোকসভা ভোটে আমার টিকিট পাওয়ার কথা ছিল। তবে পাইনি। এই নিয়ে সারারাত কেঁদেছিলাম। সেই সময় শুভেন্দু আমায় বলেছিলেন, বোন তোমার সঙ্গে আছি”।

এসবের পাশাপাশি তৃণমূলের ‘শুদ্ধিকরণ’ করে দেওয়ায় শুভেন্দু ও বিজেপিকে ধন্যবাদ জানান কৃষ্ণনগরের সাংসদ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালবাসার খাতিরে এতদিন ধরে যে শুদ্ধিকরণ করতে পারেননি, যে ফিরহাদ হাকিম (ববি), যে অরূপকে (অরূপ বিশ্বাস) এতদিন ঝেড়ে মুছে সাফ করতে পারেননি, শুভেন্দু অধিকারী ও বিজেপি এসে একদিনে করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি”।

Mahua Moitra

দলের কর্মীদের উদ্দেশে তৃণমূল সাংসদ বলেন, “প্রত্যেক কর্মীকে বলছি, ওনাদের যেতে দিন। আমরাও তো নিতাম। সিপিআইএম থেকে কতজন সদস্য যোগ দিতেন মনে আছে? যখন যোগ দিতেন, দেখা যেত ওই বুথে হেরে গিয়েছি। কারণ সদস্য এলেও ভোটার আসত না। ঠিক এই জিনিসটাই হয়েছে। এই নির্বাচিত সদস্যদের যেতে দিন। এরা কেউ নিজের জন্য জেতেনি, সবাই দলের প্রতীক ও কর্মীদের জন্য জিতেছিল”।

এদিকে ২০২৬ বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূল টুকরো টুকরো হয়ে গিয়েছে। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন মহুয়া। এবার অতীতের অজানা কথা শেয়ার করার পাশাপাশি দলের ‘শুদ্ধিকরণের’ জন্য পুরনো সতীর্থ ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি।