বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। তৃণমূলের (Trinamool Congress) ভিতরে ভাঙনের খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু দলবদল নয়, সেই ঘটনার পর পার্টি অফিস দখল পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। ডোমকল, জলঙ্গি ও রানিনগর, এই তিন জায়গা জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে।
তৃণমূলের (Trinamool Congress) অন্দরে ভাঙন
বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই ডোমকল মহকুমায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) সভাপতি বাবু মালিথ্যা নিজের সমর্থকদের নিয়ে সিপিআইএম-এ যোগ দেন। এই খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এর পরেই তৃণমূলের একটি পার্টি অফিস দখল করে নেয় সিপিআইএম কর্মীরা। সেখানে তৃণমূলের পতাকা নামিয়ে লাল পতাকা তোলা হয়।
শুধু ডোমকল নয়, জলঙ্গি ও রানিনগরের গ্রাম এলাকাতেও বাম-কংগ্রেস জোটের সক্রিয়তা বেড়েছে। বিভিন্ন সভায় ভিড় বাড়ছে বলে দাবি বিরোধীদের। তাঁদের কথায়, সাধারণ মানুষ এবার তৃণমূলের বদলে অন্য বিকল্প খুঁজছে।
এই পরিস্থিতিতে তৃণমূল (Trinamool Congress) ছেড়ে যাওয়া প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাকও এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন। তিনি পরিবর্তনের কথা বলছেন, যা শাসক দলের জন্য চাপ বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ ‘বাঁদরামি সহ্য করব না’, ফের স্বমহিমায় অনুব্রত! কাকে ধমকি কেষ্টর?
তবে তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব এই ভাঙনকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাঁদের দাবি, ভোটের আগে এমন দলবদল নতুন কিছু নয়। উন্নয়নের কাজের ওপর ভরসা রেখেই মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে বলে তাদের বিশ্বাস।













