প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ! কালো শাড়ি পরে রাস্তায় নামল তৃণমূলের মহিলা বাহিনী

Published on:

Published on:

Trinamool Congress women protest against LPG price hike on Women’s Day
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদেরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাস্তায় নামলেন তৃণমূলের (Trinamool Congress) মহিলা কর্মীরা। কালো শাড়ি ও কালো পোশাক পরে থালা-বাসন, হাঁড়ি-খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন তাঁরা। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার এলাকায় এদিন জমায়েত হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল।

কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের (Trinamool Congress) প্রতিবাদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি থাকে মহিলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। তবে এবার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু সেই কর্মসূচিতে বাড়তি গুরুত্ব পেয়েছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের প্রতিবাদ মিছিলের জমায়েতে এদিন বহু মহিলা কালো শাড়ি ও কালো পোশাক পরে উপস্থিত হন। হাতে ছিল থালা-বাসন, হাঁড়ি, খুন্তি, সেগুলো বাজিয়েই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। একইসঙ্গে ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে প্রতীকী প্রতিবাদ দেখা যায়। সেখানে প্রতীকী গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আসলে এর আগের দিনই ধরনা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। তার আগে ৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এখন বড় সিলিন্ডারের দাম প্রায় ২১০০ টাকা হয়ে গিয়েছে, আর ছোট সিলিন্ডারের দাম প্রায় ১ হাজার টাকা। আবার বলা হচ্ছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে। যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে, সে কি ২১ দিন রান্না না করে থাকবে? মানুষ খাবে কী?”

সেই বক্তব্যের পরই আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, হাঁড়ি-কড়াই, বাটি-ঘটি, হাতা-খুন্তি বাজিয়ে প্রতিবাদ মিছিল করতে। পাশাপাশি প্রয়োজনে কালো শাড়ি পরে রাস্তায় নামারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ গ্যাসের দাম বাড়তেই প্রতিবাদের ডাক! নারী দিবসে কেন্দ্রকে তোপ মমতার

রাজনৈতিক মহলের মতে, সামনে নির্বাচন থাকায় এই প্রতিবাদ কর্মসূচির রাজনৈতিক তাৎপর্যও কম নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ যেমন সামনে এসেছে, তেমনই ভোটমুখী বাংলায় এসআইআর-এর প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে মমতার ডাক এবং তার পরদিন মহিলা কর্মীদের রাস্তায় নামা, সব মিলিয়ে ভোটের আগে রাজ্য রাজনীতিতে আরও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।