বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড (WBCHSE Admit Card) নিয়ে প্রতিবারই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে। সেই দুশ্চিন্তা কাটাতেই এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত তারিখ ও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কবে থেকে কারা কীভাবে অ্যাডমিট কার্ড পাবেন, এই পুরো বিষয়টি স্পষ্ট করেই জানানো হয়েছে সংসদের তরফে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে (WBCHSE Admit Card) নতুন নির্দেশিকা কী?
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড (WBCHSE Admit Card) সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। আগে ঠিক ছিল ২১ জানুয়ারি থেকেই অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সংসদের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে। সংসদ জানিয়েছে, অনিবার্য কারণেই এই পরিবর্তন। ফলে পরীক্ষার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অ্যাডমিট কার্ড বিতরণের নতুন তারিখ
সংসদের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী ২১ জানুয়ারি, ২০২৬ থেকে অ্যাডমিট কার্ড (WBCHSE Admit Card) ইস্যু হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ জানুয়ারি, ২০২৬ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। অর্থাৎ আগের তারিখের তুলনায় প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল অ্যাডমিট কার্ড বিতরণ প্রক্রিয়া।
কারা কোন পদ্ধতিতে অ্যাডমিট কার্ড পাবেন?
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটি আলাদা ধরণের পরীক্ষার্থী রয়েছেন। সেই অনুযায়ী অ্যাডমিট কার্ড সংগ্রহের নিয়মও আলাদা করা হয়েছে। ওল্ড সিলেবাস পরীক্ষার্থীদের জন্য নিয়ম-অফলাইন। অর্থাৎ, যাঁরা পুরোনো সিলেবাস বা বার্ষিক পদ্ধতিতে ২০২৬ সালের পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁদের জন্য নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। এই পদ্ধতিতে স্কুলের প্রধান শিক্ষক বা অনুমোদিত প্রতিনিধিকে
সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিসে সশরীরে উপস্থিত হয়ে
হার্ডকপি অ্যাডমিট কার্ড (WBCHSE Admit Card) সংগ্রহ করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবেন।
সেমিস্টার ৪ ও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য নিয়ম-অনলাইন। অর্থাৎ, নতুন সেমিস্টার পদ্ধতিতে যারা পরীক্ষা দিচ্ছেন, তাঁদের জন্য প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল। কাউন্সিলের অফিসিয়াল পোর্টাল থেকেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ডটি (WBCHSE Admit Card)। কোনও ক্যাম্প অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ২৮ জানুয়ারি থেকেই অনলাইন লিঙ্ক সক্রিয় হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অবশেষে জট কাটল চিংড়িঘাটা মেট্রোর, হাই কোর্টের নির্দেশে কাজ এগোতে খুলে দেওয়া হল নতুন রাস্তা
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ
সংসদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের স্পষ্টভাবে জানানো হয়েছে ২৮ জানুয়ারির আগে অযথা স্কুলে ভিড় না করতে
সাইবার ক্যাফেতে গিয়ে খোঁজ না নিতে। ওল্ড সিলেবাসের পরীক্ষার্থীরা স্কুলের নোটিশ বোর্ডে নজর রাখবেন। স্কুল, ক্যাম্প অফিস থেকে কার্ড (WBCHSE Admit Card) আনার পরই বিতরণের নির্দিষ্ট সময় জানাবে।

















