বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটে (West Bengal Assembly Election 2026) বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফলতায় (Falta) ইভিএমে বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ সামনে এসেছিল সকালেই। সেই ঘটনাতেই এবার কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন (Election commission of India)।
পুনর্নির্বাচন নিয়ে বড় বার্তা CEO-র | West Bengal Assembly Election 2026
এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তুলেছিলেন, ফলতার ১৪৪, ১৮৯ নম্বর বুথে একই ঘটনা ঘটেছে। ইভিএমে বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই খবর চাউর হতেই ওই কেন্দ্রে পুনর্নির্বাচন (Repoll) হবে বলে জানিয়ে দিয়েছেন CEO মনোজকুমার আগরওয়াল।
দক্ষিণ ২৪ পরগনার ফলতার হরিণডাঙা হাইস্কুলের বুথসহ দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের ওপর টেপ লাগানোর অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। আর তড়িঘড়ি নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। CEO বলেন, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ দেখা গিয়েছে, সেখানে সেখানে ফের হবে নির্বাচন।
CEO জানান, দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল হবে। কমিশন তরফে অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। বহু বুথে অনিয়মের অভিযোগ সামনে এলে গোটা বিধানসভাতেই পুনরায় নির্বাচন হবে বলে জানিয়েছেন CEO।
CEO-এর কথায়, “যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, সেখানে সেখানে জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে। যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও রিপোল।”
অভিযোগ, ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে আতর লাগানোর হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। CEO জানিয়েছেন, ডিটেল রিপোর্ট এলে যদি ঘটনা সত্যি বলে প্রমাণিত হয় তাহলে রিপোল হবে। মগরাহাটেও রয়েছে একই অভিযোগ।
ফলতার ঘটনা ঘিরে বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, ‘ফলতার একাধিক বুথে বিজেপির বোতাম টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। যাতে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন।’ ইভিএমে কারচুপির অভিযোগে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব।

ফলতার ঘটনায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, ভোটাররা যাতে ভোট না দিতে পারে তাই তৃণমূল পরিকল্পনা করেই ইভিএমে বিজেপির বোতামটি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে তা দেখতে না পান বা ভোট দিতে না পারেন। সুষ্ঠ ভোটের প্রক্রিয়া বানচাল করতেই তৃণমূলের এই আচরণ বলে তোপ দাগেন তিনি। এদিকে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ নাকজ করে বলা হয়েছে পরাজিত হবে জেনেই বিজেপি নাটক করছে। কমিশন সূত্রে খবর, রিপোল হলে তা আগামিকাল বা পরশু হতে পারে।












