বাংলা হান্ট ডেস্কঃ আইসিইউ বেডের (ICU Bed) খোঁজে অনেক সময় রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের চক্কর কাটেন রোগীর পরিজনেরা। তবে এবার সেই ভোগান্তি দূর করতে উদ্যোগী স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কতগুলি করে আইসিইউ বেড রয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের | (West Bengal Health Department)
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম চালু করতে হবে। হাসপাতালে কতগুলি আইসিইউ রয়েছে, এর মধ্যে কতগুলি ভর্তি, কতগুলি খালি, সেই সবকিছু সেখানে তুলে ধরতে হবে। সবার নজরে পড়বে এমন জায়গায় এই স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম রাখতে হবে।
আরও পড়ুনঃ অষ্টমীতে বৃষ্টি থেকে মুক্তি! আজ কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে জানুন
এই স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেমে কী কী তথ্য থাকবে, সেই বিষয়েও জানিয়েছে দফতর। হাসপাতালে ভেন্টিলেটর সহ কতগুলি আইসিইউ রয়েছে, ভেন্টিলেটর ছাড়া আইসিইউ বেড কতগুলি, সেই সব তথ্য স্ক্রিনে দেখাতে হবে। রাজ্যের কোনও বেসরকারি হাসপাতাল যদি এই নির্দেশ না মানে, তাহলে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনকে বিষয়টি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপের বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হিমাদ্রি দাস জানান, পুজোর সময় রাস্তায় রাস্তায় ঠাকুর দেখার ভিড়, যানজট। এই অবস্থায় আকস্মিক কোনও শারীরিক দুর্ঘটনা ঘটলে আর্থিকভাবে সচ্ছল মানুষও অনেক সময় দিশেহারা হয়ে পড়েন। স্ট্রোকের ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে হয়। সেক্ষেত্রে আইসিইউ বেডের যাবতীয় তথ্য যদি চোখে পড়ার মতো জায়গায় ডিসপ্লে বোর্ডে থাকে, তাহলে মানুষের অনেকটা সুবিধা হবে। উদভ্রান্তের মতো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হবে না।

হৃদরোগ বা পথ দুর্ঘটনার মতো ঘটনায় প্রত্যেকটি মিনিট গুরুত্বপূর্ণ। রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিইউতে ভর্তি করানো অত্যন্ত জরুরি। সেই সময় যদি হাসপাতালে ঢুকেই সেখানকার আইসিইউ বেড সংক্রান্ত তথ্য দেখা যায়, তাহলে অনেকটা সুবিধা হয়। সংকটজনক রোগীকে নিয়ে যাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের চক্কর কাটতে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর।














