বাংলা হান্ট ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই নিজের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবারের IPL-এও তাঁর দাপট পরিলক্ষিত হয়েছে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ক্রিকেট বিশেষজ্ঞদের বারবার অনুরোধ এবং ২০২৬-এর IPL-এ বৈভবের বিস্ফোরক পারফরম্যান্স প্রত্যক্ষ করে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী জুনে আয়ারল্যান্ড সফরের জন্য বৈভবের নাম শর্টলিস্ট করা হয়েছে।
সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবেন বৈভব (Vaibhav Sooryavanshi)?
জানিয়ে রাখি যে, ওই সফরে বৈভবের অভিষেক হলে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন। শুধু তাই নয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের (যিনি ১৬ বছর বয়সে অভিষেক করেছিলেন) ঐতিহাসিক রেকর্ডটিও ভাঙতে সক্ষম হবেন। ইতিমধ্যেই BCCI-র একটি সূত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে এই বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘আয়ারল্যান্ড সফরের দৌড়ে বৈভব এখনও আছেন এবং নির্বাচকরা আরও অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে তাঁর নামও শর্টলিস্ট করেছেন।’

বৈভব সূর্যবংশীর দিকে নজর বোর্ডের: মূলত, নির্বাচকদের পরিকল্পনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, তাঁরা দীর্ঘমেয়াদী ভিত্তিতে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরিবর্তে রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটারকে সরাসরি সিনিয়র দলে দ্রুত অন্তর্ভুক্ত করতে চায়। এমতাবস্থায়, বোর্ড আয়ারল্যান্ডের মতো তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দলের বিরুদ্ধে সুযোগ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বৈভবের প্রতিভা পরীক্ষা করতে চায় বলেও অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: ম্যাচের পর টিম বাসে সশস্ত্র ডাকাত দলের আক্রমণ! বিশ্বকাপের আগে মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
এদিকে, বৈভব সূর্যবংশীর দুরন্ত পারফরম্যান্স পরিলক্ষিত করে IPL চেয়ারম্যান অরুণ ধুমালও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ বৈভবের প্রশংসা করে লিখেছেন ‘IPL ২০২৬-এর এই মরশুমে বৈভব সূর্যবংশীর কাছ থেকে আমরা কী এক দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখছি। তাঁর প্রতিভা এবং পারফরম্যান্সের কথা বিবেচনা করলে, এই বিস্ময় বালক অবশ্যই ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হওয়ার যোগ্য। এত অল্প বয়সে এমন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাওয়া বিরল।’
আরও পড়ুন: ভারতের কাছ থেকে কোনও টোল নয়! হরমুজে করা হবে সাহায্যও, বড় ঘোষণা ইরানের
বৈভব সূর্যবংশী IPL-এর মাধ্যমেই পরিচিতি লাভ করেন: জানিয়ে রাখি যে, বৈভবের খ্যাতিলাভের সফর শুরু হয় IPL ২০২৫-এ। সেই সময়ে রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় কিনে নেয়। অভিষেক ম্যাচের প্রথম বলেই শার্দূল ঠাকুরের ওভারে ছক্কা মেরে তিনি নিজের দাপট স্পষ্ট করে দেন। এরপর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি করে তিনি সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চমকে দেন। শুধু তাই নয়, সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানে ঐতিহাসিক ইনিংস খেলেন বৈভব। আর এইভাবেই বারংবার নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।












