বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনেকে সামনে রেখে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিজেপি (Bharatiya Janata Party) একাধিক নেতৃত্বকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। রাজ্যের বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বিভিন্ন স্তরের নেতৃত্বকে সক্রিয় করেছে গেরুয়া শিবির।
বিজেপি (Bharatiya Janata Party) জিতলে, কে হবেন মুখ্যমন্ত্রী ?
বাংলায় বিজেপির প্রচারের মুখ হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় স্তরের একাধিক নেতাকে প্রচারের ময়দানে নামানো হচ্ছে, যাতে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি পায়।
তবে এই বহুমুখী নেতৃত্বের কারণে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “আমরা কোনও বংশ পরম্পরার পার্টি নই, বাংলার অধিবাসী কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত”।
এবারের নির্বাচনে মহিলাদের এবং বেকার যুবকদের লক্ষ্য করে একাধিক বড় ঘোষণা করেছে বিজেপি। সংকল্প পত্র প্রকাশের অনুষ্ঠানে মহিলা এবং কর্মহীন যুবকদের জন্য মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দল জানিয়েছে, মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পান।এছাড়াও অন্তঃসত্তা মহিলাদের জন্য এককালীন ২১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কোয়েলের বিপুল পরিমাণ সম্পত্তি প্রকাশ পেল হলফনামায়
রাজ্যের মহিলা ভোট টানতেই বিজেপি এই আর্থিক পরিকল্পনার সাজিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আর্থিক প্রতিশ্রুতির উপর ভর করেই এবারের নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চাইছে বিজেপি। এখন দেখার, এই কৌশল শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।












