বাংলা হান্ট ডেস্ক: পৌষ মাসে খেল দেখিয়ে হাড়কাঁপানো ঠান্ডার ইতি! গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। তবে শীতের আমেজ এখনও রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই। আবার সামনেই সরস্বতী পুজো। সেই সময় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি হবে? জেনে রাখুন আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামীকাল থেকে শুরু করে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে।
আপাতত সরস্বতী পুজো পর্যন্ত রাজ্যের আবহাওয়া একই রকম থাকবে। শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও সকাল ও রাতে থাকবে ঠান্ডার অনুভূতি। সরস্বতী পুজোর দিন সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। দিনের বেলায় গরমও অনুভূত হতে পারে। কোথাও বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুকনো।
আগামী সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। একইসাথে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই পারদ চড়ছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে, নতুন করে সোমবার আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে, এসবের জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। এই মরশুমে আর কনকনে শীত ফিরবে না বলেই আপাতত জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া DA? বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে তুঙ্গে জল্পনা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরের আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। নতুন সপ্তাহে উত্তরের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।












