বাংলাহান্ট ডেস্ক: মাঘ মাস প্রায় শেষের পথে। এদিকে তাপমাত্রার ওঠা-নামা লেগে রয়েছে এখনও। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও উত্তরের জেলাগুলিতে গত কয়েকদিনে ভোল বদলেছে। তাপমাত্রা নেমেছে ফের। সকালের দিকে ঢাকছে কুয়াশার চাদরে। তাহলে কি ফের শীতের প্রত্যাবর্তন? কী বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা কমলে বাড়লেও আপাতত আর জাঁকিয়ে শীত ফেরার কোনও জোরালো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রাই স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মূলত পরিষ্কার। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে সব জেলাতেই। তবে বেলা বাড়তে কুয়াশা কেটে যাবে, পরিষ্কার থাকবে আকাশ। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত হালকা শীত থাকলেও ফেব্রুয়ারীর মাঝামাঝি সময় থেকে তা উধাও হবে পুরোপুরি।

আরও পড়ুন: আজকের রাশিফল ১ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এছাড়াও উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।মোটের উপর একইরকম থাকবে। দার্জিলিঙে তুষারপাত বা হালকা বৃষ্টির পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।












