বাংলা হান্ট ডেস্ক: শীতের ভরপুর আমেজ থাকলেও হাড়হিম করা ঠান্ডা আর নেই। আর ক’দিন পরই ফেব্রুয়ারী মাস, তাই এরপর আর নতুন করে তাপমাত্রা নামবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা না থাকলেও ভোর বা সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে তাপমাত্রা বাড়লেও এখনই গরম পড়বে না। ভোর বা সকালের দিকে কুয়াশার সাথে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই বাড়বে উষ্ণতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমে অধিক কুয়াশার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ঠান্ডা থাকবে।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে রাজ্যের সব জেলাতেই। এরপরই ধীরে ধীরে বাংলা থেকে শীত বিদায় নিতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

আরও পড়ুন: দু সপ্তাহে তিন বার, ফের পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতকে লক্ষ্য করে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দার্জিলিং-এ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে রয়েছে। সমতলের জেলাগুলিতেও রয়েছে শীতের আমেজ। আপাতত আগামী ৫-৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।












