বাংলা হান্ট ডেস্ক: দিনের বেলায় উধাও ঠান্ডা। সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও মাঘের দাপট নেই। যায় যায় করেছে শীত। এরই মধ্যে আবার আবহাওয়া দপ্তর দিল নতুন আপডেট। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রয়েছে কুয়াশার প্রভাবও। সবমিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রাজ্যে আপাতত জাঁকিয়ে শীতের আর কোনও সম্ভাবনা নেই। মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। কলকাতার তাপমাত্রা আপাতত ১৪-১৫ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে হালকা আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশার সম্ভাবনা শনিবার পর্যন্ত। তবে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই আগামী সাত দিন। আগামী কয়েক দিন আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টিও হবে না দক্ষিণবঙ্গের কোথাও।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আপাতত তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত এখনই পুরোপুরি বিদায় নেবে না রাজ্য থেকে।
আরও পড়ুন: হোটেলের বারান্দা থেকেই তিস্তা আর হিমালয়! সিকিমের এই স্বল্প পরিচিত গ্রাম থেকে ঘুরে আসুন
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জন্যও একই পূর্বাভাস। রাতের তাপমাত্রায় আগামী সাত দিন বিশেষ হেরফের হবে না। তবে বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গে সর্বোচ্চ ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে সতর্কতা নেই।

আগামীকাল থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পঙের একটি বা দুটি অংশে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিতে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।












