বাংলাহান্ট ডেস্ক: পারদ ওঠা-নামা চলছে ঠিকই, তবে কনকনে শীতের কামব্যাকের আর সম্ভাবনা নেই আপাতত। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে একই রকম থাকবে তাপমাত্রা। মোটামুটি এই স্তরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরের জন্য কী পূর্বাভাস? জানুন আবহাওয়ার সম্পূর্ণ খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে মোটামুটি একই স্তরে থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বড়সড় পরিবর্তন হবে না। পাশাপাশি খানিকটা পারদ নামলেও কনকনে ঠান্ডা ফের আর কোনো সম্ভাবনা আর নেই বলেও আপাতত আপডেট আবহাওয়া দপ্তরের।
আগামী সাত দিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টি হবে না।
সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান! সম্পন্ন ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্কের ক্ষেত্রেও মিলল বড় ছাড়
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। এই চার জেলায় সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।













