বাংলাহান্ট ডেস্ক: মার্চের শুরু থেকেই হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত নিস্তার নেই গরম থেকে। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। তারপর থেকে ফের বাড়বে। আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তারপরের দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সকালের দিকে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু অংশ ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না আপাতত। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা
তার আগে শনিবার অবধি কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরেও। রবিবার ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তার আগে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সব জেলাতে থাকবে শুকনো আবহাওয়া। চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।












