বাংলাহান্ট ডেস্ক: ভয়াবহ বন্যায় (Nepal Flash Floods) যখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের (Nepal) বিস্তীর্ণ এলাকা, তখন সেই দুর্যোগের মধ্যেই সামনে আসছে মানবিকতার এক অন্ধকার দিক। বিপর্যয়ে ইতিমধ্যেই সাড়ে ছ’শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকাজের পাশাপাশি চলছে মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়াও। কিন্তু এরই মধ্যে একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে আসছে, যা পরিস্থিতির ভয়াবহতার পাশাপাশি মানুষের লোভ ও অসংবেদনশীলতার ছবিও তুলে ধরছে। মৃতদেহ থেকে গয়না খুলে নেওয়ার ভিডিওর পর এবার বন্যার জলে ভেসে আসা একটি ব্যাঙ্কের লকার লুটের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে।
নেপালে (Nepal) বন্যায় ভেসে আসা ব্যাঙ্ক লকার থেকে ৯২ লক্ষ টাকা লুটের অভিযোগ আটক ২৯
স্থানীয় সূত্রের খবর, ভোটেকোশী নদীর প্রবল স্রোতে ভেসে এসেছিল একটি ভারী ব্যাঙ্ক লকার। সেটি গিয়ে আটকে যায় ধাদিং জেলার ত্রিশূলী নদীর তীরবর্তী গলচি এলাকায়। লকারটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। খবর পৌঁছয় পুলিশের কাছেও। কিন্তু নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই লকারটি খুলে টাকা নিয়ে পালানোর অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। পরে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান চালান। সেই অভিযানে উদ্ধার করা হয় ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি টাকা। ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই গলচি-৪ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ (Nepal)।
আরও পড়ুন: ‘ওদিকে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডের সমাবেশ’ TMC ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে বিস্ফোরক ঋজু
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা আসলে কোন ব্যাঙ্কের লকারে ছিল, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন্যার জলে ভেসে আসা সম্পত্তি নিয়ে এমন লুটপাটের ঘটনা সামনে আসার মধ্যেই আরও চাঞ্চল্যকর একটি ভিডিও নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রায় ৪১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, নারায়ণী নদীর তীরে বন্যার জলে ভেসে আসা এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। দুই যুবক বাঁশের সাহায্যে দেহটিকে নদীর ধারের দিকে টেনে আনেন। এরপর তাঁদের মধ্যে একজন মৃত মহিলার চুল ধরে তাঁর কান থেকে সোনার দুল খুলে নেওয়ার চেষ্টা করেন। আশপাশে থাকা কয়েকজন সেই গোটা ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নেপাল পুলিশের নজরেও আসে। তদন্ত করে পুলিশ ভিডিওতে থাকা দুই যুবককে শনাক্ত করে। তাঁদের নাম মদন গুরুং এবং উমেশ চৌধুরী বলে জানানো হয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। নেপাল পুলিশের তরফে সোশাল মিডিয়ায় ঘটনার একটি অংশের ভিডিও প্রকাশ করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃতদেহের প্রতি এমন অমানবিক আচরণের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে। বিপর্যয়ের সময়ে যেখানে উদ্ধারকারী দলগুলি প্রাণপণ চেষ্টা করছে নিখোঁজদের খুঁজে বের করতে, সেখানে মৃতদের কাছ থেকেও মূল্যবান জিনিস লুট করার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও পড়ুন: পড়শি রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে সোয়াইন ফ্লু! একাধিক সতর্কতার মাঝেই আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি
একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে নিখোঁজদের সন্ধান এবং মৃতদেহ শনাক্ত করার কঠিন কাজ, সব মিলিয়ে নেপাল (Nepal) এখন গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যার জলে ভেসে আসা ব্যাঙ্কের লকার থেকে টাকা লুট কিংবা মৃতদেহের গয়না খুলে নেওয়ার মতো ঘটনা প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া অর্থ নিরাপদ হেফাজতে নিয়েছে এবং লকারটির মালিকানা ও ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে মৃতদেহ লুটের ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ শুরু হয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাঝেও যাতে অপরাধীরা পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকেই এখন নজর নেপাল প্রশাসনের।













