বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের পর এবার শিক্ষকদের বেতন নিয়েও নতুন দাবি সামনে এল। স্কুল শিক্ষকদের একাংশের দাবি, তাঁদের বেতনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো করতে হবে। শুধু বেতন নয়, চিকিৎসা ভাতা থেকে শুরু করে চাকরির মেয়াদ অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়েও একাধিক প্রস্তাব জমা দিয়েছে শিক্ষক সংগঠন।
সপ্তম পে কমিশনের (7th Pay Commission) কাছে কী কী দাবি শিক্ষকদের?
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে এই দাবিগুলি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে বেতন দেওয়া হবে। এখন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। তাই সেই প্রতিশ্রুতি মেনে স্কুল শিক্ষকদেরও কেন্দ্রীয় হারে বেতন দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, শিক্ষকদের বেতন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা নিয়েও দাবি রয়েছে তাঁদের। সংগঠনের মতে, বর্তমানে শিক্ষকরা যে চিকিৎসা ভাতা পান, তা খুবই কম। তাই এই ভাতা বাড়িয়ে অন্তত ২০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারে সরকারি চাকরি, কারা পাবেন সুযোগ? কী কী নথি লাগবে? জানাল রাজ্য
এছাড়াও চাকরির ৮, ১৬ এবং ২৪ বছর পূর্ণ হলে ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম’-এর সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে। কোনও শিক্ষক টানা ৩১ বছর চাকরি করলে তাঁর জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথাও বলা হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষকদের বেতন বাড়ানোর জন্য আলাদা দুটি প্রস্তাব দিয়েছে সংগঠন। সব মিলিয়ে শিক্ষকদের বেতন, চিকিৎসা ভাতা এবং চাকরির মেয়াদ অনুযায়ী আর্থিক সুবিধা বাড়ানোর জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) কাছে একাধিক দাবি জানানো হয়েছে।












