বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাসে আর হাড় কাঁপত রীতিমতো। তবে গত কয়েক বছরে আর সেসবের বালাই নেই বললেই চলে। সমানে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা আর নেই। তাহলে কী শীত বিদায়? আগামী সাতদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় তাপমাত্রা আজও নেমেছিল ১০ ডিগ্রির নিচে। তবে আবহাওয়া দপ্তর জানান দিচ্ছে, রাজ্যে আর জাঁকিয়ে শীত পড়বে না। এমনকি ধীরে ধীরে হালকা শীতের আমেজও ম্লান হতে শুরু করবে।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা খুব একটা বেশি কমার বা ওঠার সম্ভাবনা নেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, উল্টে শ্লথ হবে শীতের গতি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর বলছে, তাপমাত্রা বাড়ার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। ৩১ জানুয়ারির পর ধীরে ধীরে শীত কমতে শুরু করবে। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের পর শীত বিদায় নিতে পারে। আগামী বুধবারের মধ্যে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে এখনও কিছু দিন। পাশাপাশি জেলায় জেলায় থাকবে কুয়াশার দাপট।

আরও পড়ুন: একঘেয়ে আটা-ময়দার লুচি খেতে খেতে বিরক্ত, বানিয়ে ফেলুন চিড়ে দিয়ে লুচি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে সর্বোচ্চ ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী সাত দিনে। শীতের আমেজ আরও একটু কমবে। আগামী ৫-৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।













