শুধু দূরপাল্লার নয়, এবার লোকাল ট্রেনও ‘কবচ’এর সুরক্ষা, বড় উদ্যোগ রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাড়তে থাকা ট্রেন দুর্ঘটনায় রাশ টানতে কবচ ব্যবস্থার উদ্যোগ আগেই নিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের নিরাপত্তাই সর্বোপরি, এই মন্ত্র নিয়েই বিভিন্ন ট্রেনে উন্নতমানের কবচ লাগানোর কাজ শুরু হয়েছে। তবে এতদিন এই কবচ ছিল শুধু দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রেই। এবার লোকাল ট্রেনও পাবে কবচের নিরাপত্তা।

লোকাল ট্রেনেও (Indian Railways) এবার বসবে কবচ

রেল সূত্রে খবর, হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের শহরতলির রেলপথকেও কবচ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এই দুই ডিভিশন মিলিয়ে শহরতলির ট্রেনগুলিতে দৈনিক প্রায় ৩০-৪০ লক্ষ যাত্রী সফর করে থাকেন। কবচ ব্যবস্থার আওতায় আনা হলে যাত্রীদের নিরাপত্তা তো বাড়বেই, উপরন্তু ট্রেনের সময়ানুবর্তিতায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মত রেলের।

Indian railways will put kavach on local trains

চলছে নতুন প্রযুক্তি বসানোর কাজ: অন্যদিকে হাওড়া-নয়া দিল্লি রুটে পূর্ব রেলের ধানবাদ পর্যন্ত অংশে নতুন প্রযুক্তি বসানোর কাজ প্রায় ৯০ শতাংশ হয়ে গিয়েছে বলে খবর রেল সূত্রে। সম্পূর্ণ কাজ জুলাই মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। এছাড়াও ট্রেনের সময় ঠিক করতে লেভেল ক্রসিংয়ের সংখ্যা কমাতেও উদ্যোগী হয়েছে রেল (Indian Railways)।

আরও পড়ুন : ‘এটা নতুন হিন্দুস্তান, ঘরে ঢুকে মারতেও পিছপা হবে না’, ধুরন্ধর ২-এর টিজারেই দাপট দেখালেন রণবীর

তৈরি হবে ওভারব্রিজ: রেল সূত্রে খবর, লেভেল ক্রসিংয়ের জন্য বিভিন্ন শাখায় প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত লেট হয় ট্রেনের। তাই লেভেল ক্রসিংয়ের বদলে রোড ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, রাজ্যে প্রায় ১০১ টি রোড ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলে অধিকাংশ ক্ষেত্রেই জমি সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। অন্যদিকে হাওড়া থেকে যাতে বেশি সংখ্যায় বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায় তার জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্যও বিভিন্ন পরিকাঠামো উন্নত করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন : চিংড়িঘাটা জটে আটকে মেট্রো, এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে পরিষেবা চালুর দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ

উল্লেখ্য, এবারের বাজেটে রাজ্যের জন্য রেলের বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। গত বাজেটের তুলনায় প্রায় ২৫০ কোটি টাকা বাড়ানো হয়েছে বলে খবর। এছাড়াও আপাতত প্রস্তাবিত বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডরকে পরে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। তবে বিভিন্ন ক্ষেত্রে রেলক্রসিং সহ আইনশৃঙ্খলার সমস্যা মেটাতেও রাজ্য প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে।