বাংলা হান্ট ডেস্ক: বিহারকে (Bihar) মাওবাদী মুক্ত ঘোষণা করল সে রাজ্যের পুলিশ। আত্মসমর্পণ করেছেন বিহারের মাওবাদী নেতা মুস্তাকিম যার আসল নাম সুরেশ কোড়া (Suresh Koda)। পুলিশ ঘোষণা করেছিল তার মাথার দাম তিন লক্ষ টাকা।
বিহারকে (Bihar) মাওবাদী মুক্ত রাজ্য ঘোষণা:
মাওবাদী এই নেতার বিরুদ্ধে ৬০টি মামলা চলছিল। এই মাওবাদী নেতা এসটিএফ-এর কাছে আত্মসমর্পণ করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে অ্যাসাল্ট রাইফেল, কার্তুজ ম্যাগাজিন এবং কিছু নগদ টাকা। কোড়ার আত্মসমর্পণের পর বিহার রাজ্য পুলিশ ঘোষণা করেছে যে, রাজ্য সম্পূর্ণভাবে মাওবাদী মুক্ত হয়েছে।
মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকার থেকে নানা রকম পুনর্বাসন প্রকল্প নেওয়া হয়েছে। তেমনি বিহারেও আছে ‘আত্মসমর্পণ সহ পুনর্বাস যোজনা’। এই প্রকল্প অনুযায়ী সুরেশ কোড়া পাবে তিন লক্ষ টাকা এবং সেই সমমূল্যের অর্থও দেওয়া হবে তার পুনর্বাসনের জন্য। এছাড়াও দেওয়া হবে অতিরিক্ত পাঁচ লাখ টাকা ও তিন বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা।
আরও পড়ুন:মুখ ফেরাচ্ছেন খেটে খাওয়া মানুষরা! বিনয় কোঙারের ছেলের পোস্টে আরও অস্বস্তিতে CPM
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কারণে দেশের মাওবাদী উপদ্রুত রাজ্যগুলিতে লাগাতার অভিযান চালায় এসটিএফ। ফলে বহু মাওবাদী আত্মসমর্পণ করেছেন, জীবনের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে সরকারের তরফ থেকে। অনেক মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু হয়েছে সংঘর্ষে। এবার বিহার পুলিশের এই সাফল্য মাওবাদী মুক্ত অভিযানে যুক্ত করল নতুন পালক।
আরও পড়ুন:“অনুমতি ছাড়া দেশ ছাড়ব না”, ব্যাঙ্ক প্রতারণা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা অনিল আম্বানির

বুধবার মুঙ্গেরে স্পেশাল টাস্ক ফোর্সের কাছে সুরেশ কোড়া আত্মসমর্পণ করে। তার বিরুদ্ধে যে মামলাগুলি চলছিল তার মধ্যে বেশিরভাগই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুসারে রুজু করা হয়েছিল। এই মাওবাদী নেতার আত্মসমর্পণে, মনে করা হচ্ছে বিহার অন্যতম মাওবাদী মুক্ত রাজ্য হিসেবে স্থান করে নিল ভারতের মধ্যে।

















