বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নির্বাচনের ঘন্টা বাজতে পারে যেকোনো সময়। বর্তমানে সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি চলছে জোরকদমে। একদিকে জ্বালানির সঙ্কট, অন্যদিকে আসন্ন নির্বাচনের জল্পনা, এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী শনিবার, ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন প্রধানমন্ত্রীর সভা। আর এই সভাকে ঘিরেই একাধিক জল্পনা এই মুহূর্তে উঠে আসছে রাজনৈতিক মহলে।
শনিবার ব্রিগেডে জনসভা নরেন্দ্র মোদীর (Narendra Modi)
জল্পনা মাফিক, খুব শীঘ্রই ছাব্বিশের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবে। এবারের নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। শুরু হয়েছে পদ্ম শিবিরের পরিবর্তন যাত্রা, তা গোটা রাজ্য ঘুরে শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা দিয়েই শেষ হবে বলে শোনা যাচ্ছে। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও এদিন করবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

বিজেপি যোগদানের জল্পনা: এদিকে সূত্রের খবর বলছে, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় একাধিক গুরুত্বপূর্ণ মুখ যোগদান করতে পারে বিজেপিতে। জানা যাচ্ছে, তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্র, কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক এবং সিপিএমের ড. নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং বিনয় তামাং পদ্ম শিবিরে যোগ দিতে পারেন মোদীর (Narendra Modi) ব্রিগেড সমাবেশে।
আরও পড়ুন : গ্যাসের কালোবাজারি রুখতে বড় উদ্যোগ, পুলিশি বারাকগুলিতে ইন্ডাকশন ব্যবহারের নির্দেশ লালবাজারের
আমন্ত্রণ খোদ মুখ্যমন্ত্রীকেও: সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই সরকারি অনুষ্ঠানে। কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তবে কি নির্বাচনের আগে ব্রিগেডে মুখোমুখি হবেন মোদী-মমতা? নবান্নের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন : গ্যাস সঙ্কটে রান্না বন্ধের অভিযোগ স্কুলে, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে শুধুই সেদ্ধ ডিম
প্রসঙ্গত, নির্বাচনের আগে ব্রিগেডে মোদীর হাইভোল্টেজ সভা ঘিরে স্বাভাবিক ভাবেই প্রত্যাশা তুঙ্গে। জানা যাচ্ছে, ব্রিগেড থেকে শহরের একাধিক ফ্লাইওভার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি সাঁতরাগাছি-খড়গপুর চতুর্থ লাইনের কাজের সূচনা সহ একগুচ্ছ ছোট, বড় সেতুর কাজের উদ্বোধন এবং শিলান্যাসও প্রধানমন্ত্রী এদিন করবেন বলে জানা গিয়েছে।

















