বাংলাহান্ট ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের (Re Poll) ঘোষণা করল নির্বাচন কমিশন। ফলতা বিধানসভার সব কেন্দ্রেই নতুন করে ভোটগ্রহণের ঘোষণা করল কমিশন। আগামী ২১ মে হবে পুনর্নির্বাচন। আর ২৪ মে হবে ভোট গণনা।
ফলতায় পুনর্নির্বাচনের (Re Poll) ঘোষণা নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ফলতা বিধানসভার ২৮৫ টি পোলিং স্টেশনে নতুন করে ভোটগ্রহণ হবে। সমস্ত অক্সিলিয়ারি পোলিং স্টেশনে নতুন করে ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে রয়েছে রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার দিন। তবে এদিন ফলতা বাদে ২৯৩ টি আসনে ফল প্রকাশ করা হবে। ফলতার পুনর্নির্বাচনের ফল ঘোষণা হবে ২৪ মে।

ভোটগ্রহণে বাধার অভিযোগ: দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ফলতা বিধানসভা কেন্দ্রেও ছিল ভোটগ্রহণ। এদিন এখানে ভোটগ্রহণে বাধা দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল। ইভিএমে টেপ লাগিয়ে রাখার অভিযোগও উঠেছিল। ভোটের পরদিনও ফলতার বেশ কিছু জায়গায় ভোট দিতে না দেওয়ার প্রতিবাদ করে রাস্তা অবরোধ করার ঘটনা ঘটে।
আরও পড়ুন : উঠছে ২ মাসের নিষেধাজ্ঞা, রেকর্ড ইলিশ ধরার আশা এবার বাংলাদেশে
ওঠে পুনর্নির্বাচনের দাবি: এরপর থেকেই ফলতায় পুনর্নির্বাচনের (Re Poll) দাবি উঠছিল। শুক্রবার রাজ্যের স্পেশ্যাল রোল অবজারভার জানিয়েছিলেন, ফলতা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। সেগুলির বাছবিচার চলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : শিলিগুড়ি থেকে এবার এক ফ্লাইটেই পুনে, জেনে নিন নতুন সরাসরি উড়ানের সময়সূচী
এরপরেই শনিবার কমিশন নির্দেশ দেয় ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে হবে ভোট। উল্লেখ্য, এদিন মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ছিল পুনর্নির্বাচন। নতুন করে ভোট হলেও এদিনও ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।













