বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ঘটনার পর প্রশাসনের ভূমিকাকে আরও কঠোর করার ইঙ্গিত দিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনওরকম অশান্তি বা তাণ্ডব বরদাস্ত করা হবে না।
কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?
দুষ্কৃতীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের গায়ে হাত পড়লে সরকার কঠিনতম পদক্ষেপ নেবে। সোমবার পার্ক সার্কাসের সাউথ ইস্ট ডিভিশনের দফতরে যান মুখ্যমন্ত্রী। সেখানে আহত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, রবিবার পার্ক সার্কাস এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে একাধিক পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন শুভেন্দু। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক কড়া বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের গায়ে হাত দিলে বরদাস্ত করব না। আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক দেখেছি। আর না। কলকাতা পুলিশের গৌরব আছে। তা ফিরিয়ে আনতে হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন, ছেড়ে কথা বলা হবে না।”
এরপরই তিনি কাশ্মীর প্রসঙ্গ টেনে বলেন, “পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হত আগে কাশ্মীরে। সেখানে বন্ধ হয়েছে। কলকাতাতেও করে দেব। কোনও একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ পুলিশকে মারবে, পাথর ছুড়বে, এসব হতে দেব না। সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছ। দুষ্কৃতীদের বলছি, আপনারা ভুলে যান যে, আগের সরকারের সময় কী করেছেন। মাথায় রাখুন নতুন সরকার এসেছে। কাউকে ছেড়ে কথা বলব না।” মুখ্যমন্ত্রী দাবি করেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।
আহত পুলিশকর্মীদের পাশাপাশি সিআরপিএফ জওয়ান আহত হন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন। সিআরপিএফের দুজন। যদি কোনও সমস্যা থাকে তাহলে পুলিশের সঙ্গে এসে বৈঠক করুন। শান্তিপূর্ণভাব আলোচনা করুন। কিন্তু হামলা হলে ছেড়ে কথা বলব না। আমি ও আমাদের সরকার পুলিশের সঙ্গে আছি। নগরপাল, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সঙ্গে আছে।”
দুষ্কৃতীদের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “এই কাজগুলি করবেন না। এগুলি থেকে বিরত থাকুন। যদি মনে করেন, আগের মতো পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করছেন। জিরো টলারেন্স নীতি আমাদের। দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনও কাজ করা যাবে না। পুলিশকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার দিন শেষ। ওসব ভুলে যান। আমি পুলিশমন্ত্রী হিসেবে বলে গেলাম, যদি একটা পুলিশের গায়ে হাত পড়ে তাহলে এই সরকার আইন প্রয়োগ করবে। শুধু গ্রেফতার নয়, সাজা ঘোষণা পর্যন্ত সরকার নজরদারি চালাবে। আর পুলিশকে বলব, বিএনএস অনুযায়ী, অফিসারদের নির্দেশ মেনে কাজ করুন। কে কোন ধর্ম, সম্প্রদায়ের লোক ওসব দেখার দরকার নেই। আইন আইনের পথে চলবে। কারও বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে ভাববেন না।”

আরও পড়ুন : কলকাতায় হয়েছে তৈরি! ভারতীয় নৌবাহিনী পাচ্ছে প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল
ইতিমধ্যেই, পার্ক সার্কাসের ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন,”দুষ্কৃতীরাও কান খুলে শুনে রাখুন। এটাই আপনাদের শেষ ঘটনা। এই ধরনের কোনও ঘটনা আর করতে দেব না। যদি ফের করেন তাহলে আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না।” মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। প্রশাসনের কড়াকড়ির ফলে আগামী দিনে কলকাতায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ দেখা যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।













