বাংলাহান্ট ডেস্ক: দিনের আলো ফুটতেই গুমোট গরম সর্বত্র। দিনের বেলায় সমানে বাড়ছে অস্বস্তি। রাতেও কমার নাম নেই। জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে অতিষ্ট রাজ্যবাসী। যদিও আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। মঙ্গলে ঝেঁপে বৃষ্টি হল কলকাতা সহ বেশ কিছু অংশে। রাতের দিকেও কয়েকটি জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি মূলত বাড়বে আগামীকাল।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া অফিস জানাচ্ছে, বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। যার কারণে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে। এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলে রাতের দিকে ভিজতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। গরম ও অস্বস্তি তুঙ্গে থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মত জেলাগুলিতে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।
আগামীকাল থেকে টানা শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
কলকাতাতেও বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। শুক্রবার পর্যন্ত পরপর তিনদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমতে পারে বলে পূর্বাভাস।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে টানা ঝড়-বৃষ্টি চলেছে। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি নেই কোথাও।













