বাংলাহান্ট ডেস্ক : গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় সমগ্র দেশবাসীর। দেশের প্রায় সব প্রান্তেই পরিস্থিতি কমবেশি একই রকম। এমতাবস্থায় ভালো এসি (Air Conditioner) কেনার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু এসি কিনব ভাবলেই তো আর কিনে ফেলা যায় না। কোন কোম্পানির এসি কেনা উচিত, কত টনের কেনা উচিত এসবই মাথায় রাখতে হয়। এর সঙ্গে যুক্ত হয় বাজেট এবং বিলের চিন্তাও।
কোন এসি (Air Conditioner) কিনলে হবে সাশ্রয়?
এসি কেনার আগে একাধিক জিনিস মাথায় রাখতে হয়। এর মধ্যে অন্যতম ইনভার্টার এসি কেনা উচিত নাকি নন ইনভার্টার। উল্লেখ্য, নন ইনভার্টার এসির তুলনায় কিন্তু ইনভার্টার এসির দাম বেশি। কিন্তু দাম দিয়ে বিচার করলে ভুল করবেন। ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য জেনে তবেই কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত।

নন ইনভার্টার এসির ভালো মন্দ: নন ইনভার্টার এসি ঘর দ্রুত ঠাণ্ডা করার জন্য কম্প্রেসরকে ফিক্সড স্পিডে চালায়। ঘর নির্দিষ্ট মাত্রায় ঠাণ্ডা হলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। তাপমাত্রা বাড়লে আবার পূর্ণশক্তিতে চালু হয়। তবে এর খারাপ দিক হল, কম্প্রেসর বারবার অন অফ হওয়ায় বিদ্যুৎ খরচ হয় বেশি, কম্প্রেসর চালু হতে শব্দও হয় বেশি। তবে ভালো দিকও আছে কিছু। এই এসির দাম কম। পাশাপাশি প্রযুক্তি সহজ হওয়ায় যেকোনো মেকানিক দিয়ে অল্প খরচেই সারিয়ে নেওয়া যায়।
আরও পড়ুন : বাড়ছে হোম লোন-কার লোনের ইএমআই? রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর
ইনভার্টার এসির ভালো মন্দ: ইনভার্টার এসির (Air Conditioner) কম্প্রেসর ঘরের তাপমাত্রা অনুযায়ী গতি পরিবর্তন করে। ঘর ঠাণ্ডা হয়ে গেলে কম্প্রেসর পুরোপুরি বন্ধ না হয়ে ধীরগতিতে চলে। এর খারাপ দিক হল, এই ধরণের এসির দাম তুলনামূলক বেশি। এতে ব্যবহৃত যন্ত্রাংশের দাম বেশি হওয়ায় সারানোর খরচও বেশি। তবে ইনভার্টার এসি কিনলে প্রায় ৩০-৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। কম্প্রেসর বারবার চালু-বন্ধ হয় না বলে এসি দীর্ঘদিন ভালো চলে। এতে আওয়াজও কম হয়।
আরও পড়ুন : প্রথম বার রেলপথে জুড়বে সিকিম, সেবক-রংপো রুট নিয়ে এল বড় আপডেট
এবার প্রশ্ন হল, এই দু ধরণের এসির মধ্যে কোনটা কেনা উচিত? এসির ব্যবহার বেশি হলে, অর্থাৎ প্রতিদিন ৫-৬ ঘন্টা চালানো হলে ইনভার্টার এসিই ভালো। কারণ এতে বিদ্যুতের বিলে সাশ্রয় হয়। তবে এসি যদি এমন জায়গায় লাগানো হয়, যেখানে দিনে ২-৩ ঘন্টার বেশি চালানো হবে না, তবে কম দামে নন ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।













