বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের প্রতিরক্ষা উৎপাদন যথেষ্ট শক্তিশালী হয়েছে। শুধু তাই নয়, ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের মাধ্যমে ভারতে প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত কাজকর্ম যথেষ্ট সাড়াও ফেলেছে। ঠিক এই আবহেই ভারত একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। মূলত, গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাস ফেসিলিটিতে সম্পূর্ণভাবে তৈরি করা প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ সি-২৯৫ (Airbus C295) মিলিটারি ট্রান্সপোর্ট বিমানটি সফলভাবে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে। এই ঐতিহাসিক পরীক্ষামূলক উড়ানকে ভারতের সামরিক বিমান চালনার উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে বিবেচনা করা হচ্ছে। ভারতীয় বিমান চালনার ইতিহাসে এই প্রথমবার দেশের প্রাইভেট সেক্টরের উদ্যোগে ভারতে একটি সামরিক বিমান তৈরি করা হয়েছে।
সফলভাবে আকাশে উড়ল প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ C295 (Airbus C295) বিমান:
এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মূলত, এক্ষেত্রে সামগ্রিক বিষয়টি বেসরকারি সেক্টরের প্রথম বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস (TASL) এবং ইউরোপের বৃহৎ সংস্থা এয়ারবাসের মধ্যে এই অংশীদারিত্ব ভারতে প্রতিরক্ষা উৎপাদনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীর পুরনো অ্যাভ্রো-৭৪৮ বহরকে প্রতিস্থাপন করবে।
The first ‘Made in India’ Airbus C295 military transport aircraft has conducted its first test flight from the Final Assembly Line in Vadodara 🇮🇳, marking a milestone for Indian aviation and defence. This maiden test flight is a crucial step in the aircraft’s post production… pic.twitter.com/nPkjpIENkD
— Airbus Defence (@AirbusDefence) June 10, 2026
এছাড়াও, ২ টি টার্বোপ্রপ ইঞ্জিনযুক্ত এই বিমানটি অত্যন্ত অমসৃণ ও ছোট রানওয়ে থেকেও উড়ান ও অবতরণ করতে সক্ষম। ফলে সেনাবাহিনীর পক্ষে পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকায় রসদ সরবরাহ করা সহজ হবে।
চুক্তির অধীনে ভারতে ৪০ টি বিমান তৈরি হবে: জানিয়ে রাখি যে,, ভারত এয়ারবাসের সঙ্গে প্রায় ২১,৯৩৫ কোটি টাকা মূল্যের মোট ৫৬ টি সি-২৯৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, প্রথম ১৬ টি বিমান সরাসরি স্পেন থেকে উড়ান উপযোগী অবস্থায় ভারতে আনা হয়েছে এবং বাকি ৪০ টি বিমান ভাদোদরার টাটা-এয়ারবাস কারখানায় সম্পূর্ণরূপে তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপে বিষধর সাপের আতঙ্ক! আগেভাগেই সতর্ক করা হল এই দলকে
উল্লেখ্য যে, ভাদোদরা থেকে সফলভাবে উড়ান সম্পন্ন করা এই বিমানটি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রথম বড় সাফল্য। এই সাফল্য জন্য ভারতীয় বিমান বাহিনীও পুরো দলকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে এই সাফল্য অ্যারোস্পেস সেক্টরে ভারতের ক্রমবর্ধমান শক্তিকে উপস্থাপিত করে এবং দেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক নতুন উচ্চতায়ও নিয়ে যাবে।













