বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, রিজার্ভ ব্যাঙ্কের প্রদত্ত ছাড় ও নিয়মে পরিবর্তনের ফলে SBI (State Bank of India) থেকে শুরু করে ICICI ব্যাঙ্ক সহ সারা দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক প্রবাসী ভারতীয়দের সঞ্চিত অর্থের ওপর সুদের হার বাড়িয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করা। এর আগে, RBI ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলির জন্য বৈদেশিক মুদ্রা সোয়াপ উইন্ডো খোলার ঘোষণা করেছিল। এই সুযোগটির ফলে ব্যাঙ্কগুলিকে আর এই জমা করা অর্থের ওপর ঝুঁকি কমানোর খরচ বহন করতে হবে না। অনুমান করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে দেশে প্রায় ৭০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আসতে পারে।
SBI (State Bank of India)-সহ একাধিক ব্যাঙ্ক বৃদ্ধি করল সুদের হার:
ইতিমধ্যেই SBI সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক প্রবাসী ভারতীয়দের জন্য উচ্চ সুদের হারে একটি নতুন ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট তথা FCNR(B) ডিপোজিট স্কিম চালু করার ঘোষণা করেছে। RBI আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলির জন্য একটি ফরেন কারেন্সি সোয়াপ উইন্ডো ঘোষণা করার মাত্র কয়েকদিন পরেই ব্যাঙ্কগুলির তরফে NRI ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধির এই ঘোষণাটও সামনে এসেছে। এর ফলে ব্যাঙ্কগুলিকে এই সঞ্চিত অর্থের ওপর ঝুঁকি কমানোর খরচ বহন করতে হবে না এবং তারা এক্ষেত্রে সুদের হার বাড়াতে পারবে।

সুদের হার বাড়ানোর উদ্দেশ্য: জানিয়ে রাখি যে, এই পদক্ষেপের লক্ষ্য হল প্রবাসী ভারতীয়দের কাছ থেকে বৈদেশিক মুদ্রার সঞ্চয় আকর্ষণ করা। বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই সঞ্চয় প্রকল্পের অধীনে প্রায় ৬০-৭০ বিলিয়ন ডলারের বৈদেশিক মূলধন আসতে পারে। ইতিমধ্যেই ICICI ব্যাঙ্ক তার ওয়েবসাইটে জানিয়েছে যে তারা ১১ জুন থেকে NRI ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ সুদ প্রদান করছে। এর পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI একটি নতুন SBI অ্যাডভান্টেজ FCNR(B) ডিপোজিট স্কিম ঘোষণা করেছে। যা মার্কিন ডলারে ৩ থেকে ৫ বছরের মেয়াদে উপলব্ধ এবং এতে ১ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।
আরও পড়ুন: আত্মনির্ভরতার নয়া নজির গড়ল ভারত! সফলভাবে আকাশে উড়ল প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ C295 বিমান
SBI-র ক্ষেত্রে সুদের পরিমাণ: জানিয়ে রাখি যে, SBI ১০ লক্ষ ডলারের বেশি আমানতের ওপর ৩ থেকে ৪ বছরের জন্য ৫.৫ শতাংশ, ৪ থেকে ৫ বছরের জন্য ৫.৭৫ শতাংশ এবং ৫ বছরের জন্য ৬ শতাংশ সুদের হার ঘোষণা করেছে। এদিকে, ব্যাঙ্ক অফ বরোদা (জানিয়েছে যে, তারা নতুন FCNR(B) ডিপোজিট স্কিমের অধীনে ৩ থেকে ৫ বছর মেয়াদী আমানতের জন্য মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং (জিবিপি), অস্ট্রেলিয়ান ডলার (এউডি, ইউরো এবং কানাডিয়ান ডলার (সিএডি) সহ প্রধান বৈদেশিক মুদ্রাগুলিতে উচ্চতর সুদের হার দিচ্ছে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ বরোদা ঘোষণা করেছে যে, ১১ জুন থেকে তারা তাদের গ্রাহকদের ডলার ডিপোজিটে ৬ শতাংশ, জিবিপি এবং এইউডি ডিপোজিটে ৪.৭৫ শতাংশ, সিএডি ডিপোজিটে ৫.১৫ শতাংশ এবং ইউরো ডিপোজিটে ৩.৭৫ শতাংশ সুদ প্রদান করবে।
একইভাবে, HDFC ব্যাঙ্ক ৩ থেকে ৫ বছর মেয়াদী FCNR(B) ডিপোজিটের সুদের হারওবৃদ্ধি করে ৬ শতাংশ করেছে। যা গত ১০ জুন থেকে কার্যকর হয়েছে। এই হারটি ১০ জুন, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে করা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, ১১ জুন থেকে তারা ৩ থেকে ৫ বছর মেয়াদী ১ মিলিয়ন ডলারের কম ডিপোজিটের ক্ষেত্রে ৬ শতাংশ এবং ১ মিলিয়ন ডলারের বেশি ডিপোজিটের ক্ষেত্রে ৬.১৫ শতাংশ সুদ দেবে।













