বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। আর আগামী রবিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর ৩.৩০ নাগাদ আয়োজিত হবে এই বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ, ব্রাজিল বনাম মরক্কো (Brazil vs Morocco)। পাঁচবারের বিশ্বজয়ী বনাম গতবারের সেমিফাইনালিস্টদের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলবিশ্ব। কিন্তু এই ম্যাচে কি ব্রাজিল (Brazil) দল তাদের সেরা তারকা নেইমারকে (Neymar) সম্পূর্ণ ফিট অবস্থায় প্রথম একাদশে পাবেন? এবার সেই নিয়ে বড় আপডেট এলো সাম্বা শিবির থেকেই।
এই মুহূর্তে ব্রাজিল দলের কোচের দায়িত্বে রয়েছেন হাইপ্রোফাইল ম্যানেজার কার্লো আনসেলোত্তি। অনেকে ভাবতেই পারেননি যে গত কয়েক বছর ধরে ফিটনেসের চূড়ান্ত অভাবে ভুগতে থাকা ব্রাজিলিয়ান মহাতারকাকে তিনি দলে জায়গা দেবেন। তাই স্কোয়াড ঘোষণার সময় তার নাম উচ্চারিত হতেই আবেগপ্রবণ হয়ে ওঠেন নেইমার।
আরও পড়ুন: লাল কার্ডের বন্যা! ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকোর জয়ে তৈরি হলো নতুন রেকর্ড
কিন্তু বিশ্বকাপের আগে ফের একবার কাফ মাসলে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েন নেইমার। যার ফলে বিশ্বকাপের আগে ব্রাজিল দলের হয়ে তিনি মাঠে নামতে পারেননি পানামা ও মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটিতে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিরুদ্ধেও অনিশ্চিত তিনি।

তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে ব্রাজিলিয়ান মহাতারকাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনই নেবেন কোচ কার্লো। নেইমার সুস্থ হয়ে উঠলে তিনি পরিবর্ত হিসেবে দলের প্রয়োজনে মাঠে নামতে পারেন। ম্যাচ শুরুর থেকে ব্রাজিলের পছন্দমতো ফলাফলের দিকে এগোলে নেইমারকে নিয়ে ঝুঁকি নেবে না ব্রাজিলিয়ান শিবির। নক-আউটে পৌঁছলে দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস! আর্জেন্টিনার জার্সি গায়ে বড় রেকর্ড গড়তে চলেছেন মেসি
দেশের জার্সি গায়ে এইমুহূর্তে নেইমারের গোলসংখ্যা ৭৯। বিশ্বকাপে কেবল একটি গোল পেলেই প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ৮০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেও নিজের কেরিয়ারে এই মাইলফলক ছুঁতে পারেননি। তবে নেইমারকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েই অগ্রসর হতে চায় ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়ী দলটি।














