বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যু রহস্যের উপর থেকে এখনও পর্দা ওঠেনি। গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান তিনি। তাঁকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু রাহুলের মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। আদৌ সেটাকে ‘দুর্ঘটনা’ বলে মানতে নারাজ ছিলেন তাঁর পরিবার এবং সহকর্মীরা। এবার এই ঘটনায় তদন্তভার গেল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা সিআইডির হাতে।
রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর তদন্তভার সিআইডিকে
গতকাল ১৫ জুন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাহুলের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হচ্ছে সিআইডির হাতে। পূর্ব মেদিনীপুরের দিঘায় একটি প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, কিছুদিন আগে এক চলচ্চিত্র তারকা উদয়পুরে মারা যান। তারপর ওড়িশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করেছিল। এবার পশ্চিমবঙ্গের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এসপিকে নির্দেশ দেন, তিনি যাতে অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিপি মারফত স্বরাষ্ট্র সচিবের কাছে ফাইল পাঠান, যাতে সিআইডি এই মামলার দায়িত্বভার নিতে পারে।

কীভাবে ঘটে দুর্ঘটনা: স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করতেন রাহুল। ওই সিরিয়ালেরই শুটিংয়ে তালসাও গিয়েছিলেন রাহুল সহ গোটা টিম। অভিযোগ, শুটিং শেষ হওয়ার পর একটি ড্রোন শটের জন্য সমুদ্রের গভীরে যান তিনি। হঠাৎ আসা একটি ঢেউয়ে টাল সামলাতে না পেরে জলে পড়ে যান রাহুল। কিন্তু এই ঘটনায় ধোঁয়াশা এখনও কাটেনি।
আরও পড়ুন : নামমাত্র দামে এলপিজি সিলিন্ডার, ফ্রি তে গ্যাস সংযোগ, কী কী সুবিধা উজ্জ্বলা যোজনায়?
এখনও রয়েছে ধোঁয়াশা: নায়িকা শ্বেতা কোনোভাবে ফিরে এলেও তলিয়ে যান অভিনেতা। কিন্তু কখন উদ্ধার করা হয় রাহুলকে (Rahul Arunoday Banerjee)? শ্বেতাকে তড়িঘড়ি উদ্ধার করা গেলেও রাহুলকে জল থেকে তুলতে এত সময় লাগল কেন? আগেই জানা গিয়েছিল তালসারি সমুদ্র সৈকতে অনুমতি ছাড়াই চলছিল সিরিয়ালের শুটিং। উপরন্তু ঘটনার পর পরস্পর বিরোধী মন্তব্য করতেও শোনা গিয়েছিল কলাকুশলীদের।
আরও পড়ুন : শুরু হতে না হতেই ফর্ম শেষ, জনকল্যাণ শিবিরে এই ‘দুই’ প্রকল্পেরই চাহিদা তুঙ্গে
ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। তবে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। অবশেষে এই মামলায় এল নতুন আপডেট। তদন্তের মুখ এখন কোনদিকে ঘোরে সেটাই দেখার অপেক্ষা।













