বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে জমে উঠেছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T-20 World Cup) লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ঘুরে দাঁড়ালো ভারতীয় মহিলা দল (Indian Women’s Team)। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন শেফালী, জেমিমারা। এবার গ্রূপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নাইজার জ্যোতি। দলনেত্রী জ্যোতি (৩২) ও জুয়াইরিয়া ফেরদৌসের (৩৩) ব্যাটে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। বল হাতে দুরন্ত বোলিং করে ৩ উইকেট নেন রাধা যাদব।
আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার
এরপর ব্যাট হাতে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্মৃতি মানথানা মাত্র ৮ রানের ব্যক্তিগত স্কোরে বাংলাদেশের তারকা পেস বোলার মারুফা আখতারের শিকার হন। কিন্তু দলের হাল ধরেন শেফালী ভার্মা। ইয়াস্তিকা ভাটিয়াকে (২৩) সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে বার করার কাজ শুরু করেন তরুণ ভারতীয় মহিলা ওপেনার।

শেফালী নিজে ব্যক্তিগত ৫৩ রানের স্কোরে ড্রেসিংরুমে ফিরলেও পরবর্তীতে জেমিমার ১৫ বলে ২৬ রানের ইনিংস ভারতকে জয় পেতে সাহায্য করেন। অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থাকেন ১৩ রানে। ১৬.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় মহিলা দল।
তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছেন হরমনপ্রীতরা। চলতি টুর্নামেন্টে এখনো অবধি প্রত্যেকটি ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ভারত। অন্য কোন ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে পৌঁছাতে গেলে সেই ম্যাচে জয় পেতেই হবে তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে ভারত।













