বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ১৮ গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (Lionel Messi)। চলতি বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল করে অসাধারণ ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অপরদিকে প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকার পর চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2026) দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে টানা ৬ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন পর্তুগিজ অধিনায়ক। ফলে খুশি দুই মহাতারকার ভক্তরাই। ভারতীয় সময় রবিবার ভোরে দুই মহাতারকাই গ্রূপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন।
এই বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটি যুগ্মভাবে নিজেদের দখলে রেখেছেন মেসি এবং কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তবে চলতি টুর্নামেন্টে আর একটি অ্যাসিস্ট করলেই নিজের নবম অ্যাসিস্ট সহ এই তালিকায় এককভাবে শীর্ষে উঠে আসবেন এলএমটেন।

এছাড়া পরের ম্যাচে আরও একটি রেকর্ড নিজের নামে করে ফেলতে পারেন মেসি। এই মুহূর্তে গ্রূপপর্বে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের রেকর্ডটি যুগ্মভাবে অধিকার করে রেখেছেন মেসি এবং ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড গুইলেরমো স্তবিলে। জর্ডনের বিরুদ্ধে গ্রূপের শেষ ম্যাচে আর এক গোল করলেই এককভাবে একটি নির্দিষ্ট বিশ্বকাপের গ্রূপপর্বে সবচেয়ে বেশি গোলদাতা আর্জেন্টাইন হয়ে যাবেন মেসি।
আরও পড়ুন: ফের অঘটন! লজ্জার রেকর্ড গড়ে হার মানতে বাধ্য হলো জার্মানি, বিশ্বকাপের নক-আউটে ইকুয়েডর
অপরদিকে আর্জেন্টিনার কাছে গ্রূপপর্বের শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও পর্তুগালের কাছে নিজেদের গ্রূপপর্বের শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জয় না পেলে গ্রূপের দ্বিতীয় বা তৃতীয় দল হয়ে নক-আউটে পৌঁছবে পর্তুগাল। সেক্ষেত্রে রোনাল্ডোদের অনেক বেশি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এ মাঠে নামতে হতে পারে।

তাই সকল ভক্ত সহ পর্তুগালের বাকি ফুটবলাররাও চাইবেন যে সেই ম্যাচে রোনাল্ডো নিজের সেরা ছন্দে থাকুক। উজবেকিস্তান ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিন্তু কলম্বিয়া প্রতিপক্ষ হিসেবে অনেক বেশি বিপজ্জনক। আর এই প্রতিপক্ষর বিরুদ্ধে গোল পেলেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে পর্তুগালের জার্সি গায়ে ৫০ টি দেশের বিরুদ্ধে গোল করার অনন্য রেকর্ড গড়ে ফেলবেন তিনি।













