বাংলা হান্ট ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলতে গিয়ে বড়সড় অঘটনের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া (India vs Ireland)। মূলত, বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে আয়ারল্যান্ড। শুধু তাই নয়, ইতিহাস তৈরি করে এই প্রথম আয়ারল্যান্ড T20- তে ভারতকে পরাজিত করেছে। এদিকে, আয়ারল্যান্ডের এই বিরাট জয়ের নেপথ্যে রয়েছেন এক ‘ভারতীয়’। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত আয়ারল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে রয়েছেন ২৯ বছর বয়সী পেসার জয় মুন্দ্রা (Jai Moondra)। যিনি রাজস্থান থেকে ডাবলিনে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। এখন সেই জয়ই আয়ারল্যান্ডের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হিসাবে বিবেচিত হচ্ছেন।
টিম ইন্ডিয়াকে পরাজিত করার নেপথ্যে জয় মুন্দ্রা (Jai Moondra):
জানিয়ে রাখি যে, বেলফাস্টে সম্পন্ন হওয়া ভারত-আয়ারল্যান্ড প্রথম T20 ম্যাচে আইরিশ দল জিতেছে ৩৪ রানে। মূলত, নির্ধারিত ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া থমকে যায় ১৪৮ রানেই। এই ম্যাচে মাত্র ২৬ রান দিয়ে ২ টি বড় উইকেট পেয়েছেন জয় মুন্দ্রা। তিনি অভিষেক ম্যাচে তাঁর প্রথম বলেই উইকেট পেয়ে বাজিমাত করেন। ম্যাচের শুরুতেই তিনি সঞ্জু স্যামসনকে আউট করেন। শুধু তাই নয়, ম্যাচের একটা সময়ে যেখানে শিবম দুবে ঝড় তুলতে শুরু করেন সেই সময়ে তাঁকে ফিরিয়ে দেন জয়।

রাজস্থানের টঙ্কে জন্মগ্রহণ করা জয় সিমি সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বংশদ্ভূত ক্রিকেটার হিসাবে আইরিশ দলের স্থান পেয়েছেন। এদিকে, জয়ের ভাই অজয় মুন্দ্রা সুইডেনের হয়ে খেলেন। এদিকে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নিজের দুরন্ত পারফরম্যান্স নিয়ে স্বভাবতই খুশি জয় মুন্দ্রা। তিনি জানিয়েছেন, ‘আমি এবং আমার পরিবার ও সতীর্থরা অধীর আগ্রহে এই মন্ত্রের অপেক্ষায় ছিলাম। তাঁরা প্রতিনিয়ত আমার ওপর ভরসা রেখেছেন বলেই আমি মাথা ঠান্ডা রেখে খেলতে পেরেছি।’
আরও পড়ুন: শেয়ার বাজারে এই পেনি স্টকে ১৩০ শতাংশের বৃদ্ধি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
তিনি আরও জানান, ‘স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা কাজ করেছিল। ভারতের বিরুদ্ধে বল করার সুযোগ পেয়ে প্রথম বলেই উইকেট পাওয়াটা স্বপ্নপূরণের মতো। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। আমাকে সুযোগ দিয়েছে আয়ারল্যান্ড। তাই আমি কৃতজ্ঞ। আমার সফর সবে শুরু হয়েছে। আশা করি ভবিষ্যতেও আমি সাফল্য পাব। আমি আমার নিজের কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য যে, জয় তাঁর ক্রিকেট সফর একজন টপ অর্ডার ব্যাটার ও স্পিনার হিসাবে শুরু করেছিলেন। তিনি রাজস্থানের এসএস ক্রিকেট ক্লাবে খেলা শুরু করলেও করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েই তাঁর জীবনের গতিপথে বদল আসে। তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে স্নাতক উত্তর ডিগ্রির লক্ষ্যে পাড়ি দিয়েছিলেন। পড়াশুনার সঙ্গেই তিনি নিয়মিত চালিয়ে গিয়েছিলেন খেলা। করোনা মহামারীর পর জয় মুন্দ্রা সেখানে লেন্সটার ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন। আর তারপরেই ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ঘটে তাঁর।













