বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় পুলিশের জালে আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (Trinamool Congress)। তোলাবাজি থেকে মহিলাকে হেনস্থা—একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
গ্রেফতার আরও এক তৃণমূল (Trinamool Congress) নেতা
শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার একটি পুলিশ দল সন্তোষপুরে তারকেশ্বর চক্রবর্তীর বাড়িতে পৌঁছে তাঁকে আটক করে। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারী সংস্থার দাবি, তাঁর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় দুটি পৃথক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগগুলি খতিয়ে দেখে গত ২৩ জুন দুটি স্বতন্ত্র এফআইআর দায়ের করা হয় এবং তারপর থেকেই তদন্ত এগোতে শুরু করে।
প্রথম মামলায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সরকারি নথি অনুযায়ী, অন্যের কাজে বেআইনি বাধা দেওয়া, শারীরিকভাবে আক্রমণ, সম্পত্তি নষ্ট করা, বলপ্রয়োগ করে এক মহিলার শালীনতাহানি, প্রাণনাশের হুমকি, চুরি এবং বেআইনিভাবে অন্যের জমি বা বাড়িতে প্রবেশের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। এই ধারাগুলির মধ্যে কয়েকটি জামিন-অযোগ্য বলেও জানা গিয়েছে।
দ্বিতীয় মামলায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখানোর অভিযোগও তাঁদের কাছে এসেছে। সেই সমস্ত অভিযোগের সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন :জুলাইতে মিলবে টাকা? বেকারদের ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট
প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক পুরসভায় প্রশাসনিক পুনর্গঠন হয়েছে। কলকাতা পুরসভার আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি ও অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে পুলিশ।













