বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। গরিব মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া এই কর্মসূচি নিয়ে এবার একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিজেপির দাবি, শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা ব্যবহারের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অভিষেকের (Abhishek Banerjee) সেবাশ্রয় নিয়ে বিতর্ক
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ নামে ৭৫ দিনের স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মসূচি শুরু করেছিলেন। সেখানে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতেন। পরে এই উদ্যোগ রাজ্যের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছিল।
তবে সম্প্রতি এই কর্মসূচি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগে ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়। সেই ওষুধের গায়ে সেবাশ্রয়ের লোগো থাকায় তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার চিকিৎসা পরিষেবার পদ্ধতি নিয়েও নতুন অভিযোগ সামনে এল।
ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, সেবাশ্রয় শিবিরে জুনিয়র ডাক্তার, হোমিওপ্যাথি চিকিৎসক এবং আয়ুষ বিভাগের চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রেসক্রিপশন লিখতেন। তাঁর অভিযোগ, এই বিষয়টি নিয়েই এখন নানা প্রশ্ন উঠছে। পাশাপাশি যে ওষুধগুলি উদ্ধার হয়েছে, সেগুলির মান নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ওষুধ ঠিক থাকলে সেগুলি মাটির নিচে পুঁতে রাখার প্রয়োজন পড়ত না।
এদিকে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা এক চিকিৎসকও সংবাদমাধ্যমের সামনে কিছু অভিযোগ তুলেছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, বাইরে থেকে পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মনে হলেও বাস্তবে অন্যভাবে অর্থ আদায়ের ব্যবস্থা করা হতো বলে তাঁর অভিযোগ।
ওই চিকিৎসকের দাবি, রোগীদের অনেক ক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যানের মতো পরীক্ষার পরামর্শ দেওয়া হতো। এরপর বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা রোগীদের হাসপাতালে ভর্তি করানোর জন্য উদ্যোগ নিতেন। হাঁটু ব্যথা বা অন্যান্য শারীরিক সমস্যার কারণ দেখিয়ে অনেক রোগীকে কয়েকদিন হাসপাতালে রাখা হতো। ফলে চিকিৎসার বিল বাড়ত এবং সেই খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে মেটানো হতো বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অভিষেককে লক্ষ্য করে শুরু, রাজ্যজুড়ে ডিম ছোড়ার ঘটনা নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ হাই কোর্টের
এই সমস্ত অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিজেপি আগামী দিনে ডায়মন্ড হারবারে আরও একটি এফআইআর দায়ের করতে পারে। তবে এই অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।













