মমতার হাত ধরবে কংগ্রেস? জোট নিয়ে স্পষ্ট বার্তা প্রদেশ নেতৃত্বের

Published on:

Published on:

Will Congress join with Mamata‌ Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গে বিজেপির কাছে ক্ষমতা হারার পর বদলাচ্ছে তৃণমূলের রাজনৈতিক কৌশল? এতদিন একলা লড়াইয়ের পথে হাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবার প্রকাশ্যেই বিজেপি-বিরোধী শক্তিকে এক মঞ্চে আসার ডাক দিলেন। তবে সেই আহ্বানে সাড়া দেওয়ার কোনও তাড়াহুড়ো নেই বলেই স্পষ্ট জানিয়ে দিল প্রদেশ কংগ্রেস।

মমতার (Mamata Banerjee) ডাকে সাড়া দেবে প্রদেশ কংগ্রেস ?

বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বাংলায় INDIA জোটের শরিকদের সঙ্গে একসঙ্গে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মমতা বলেন, “বাংলার সব রাজনৈতিক দলকে বলছি, যারা সত্যিই বিজেপি-র বিরুদ্ধে, জোট বাঁধুন তৈরি হোন।”

তাঁর এই মন্তব্যের পর স্পষ্ট, রাজ্যে বিজেপিকে টক্কর দিতে এবার জোটের সমীকরণকেই গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। শুধু কংগ্রেস নয়, বাম দলগুলির প্রতিও একই আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে তাঁর বা দলের কোনও ধরনের ‘ইগো’ নেই। উল্লেখ্য, গত জুন মাসে কংগ্রেসের ডাকা INDIA জোটের বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই সময় জল্পনা তৈরি হয়েছিল, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। যদিও সেই সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

এবার ফের জোটের বার্তা সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি মমতার এই প্রস্তাবে সাড়া দেবে? যদিও INDIA জোটের শরিক হয়েও পশ্চিমবঙ্গে আসন সমঝোতার পথে এতদিন হাঁটেনি তৃণমূল। সেই কারণেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা ভোটে রাজ্যে একাই লড়েছিল দলটি। তবে মমতার এই আহ্বানকে গুরুত্ব দিতে নারাজ প্রদেশ কংগ্রেস। তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসানের পর বিজেপির বিরুদ্ধে ঐক্যের ডাককে কটাক্ষ করেছেন দলের মুখপাত্র সুমন রায়চৌধুরী।

কংগ্রেসের মুখপাত্র বলেন, ‘তৃণমূল নেত্রীর এখন হঠাৎ মনে পড়েছে ইন্ডিয়া ব্লক ও জোটের কথা। এতদিন ন্যারেটিভ তৈরি করেছেন, সারা দেশে তিনি বিজেপিকে আটকাতে পারেন, সেজন্য জোটের নেতৃত্ব ওঁনাকে দেওয়া হোক, কংগ্রেসের দ্বারা হবে না। এখন তৃণমূল বাংলা থেকে উঠে গেছে। যে বিজেপিকে উনি জায়গা করে দিয়েছেন, সেই বিজেপি ওঁনাকে শূন্য করে দিয়েছে, তৃণমূল এখন শেষ। ব্যক্তিগত ক্যারিশমায় সভায় লোক হলেও রাজ্যে তৃণমূল আর নেই। জোট নিয়ে আমাদের উচ্চতর নেতৃত্ব চিন্তাভাবনা করবে, তবে এই মূহূর্তে রাজ্যে একাই লড়বে কংগ্রেস। আমরা বিজেপি ও তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল বিট্রেয়ার, ওঁনার সঙ্গে সমঝোতা হতে পারে না।’

Will Congress join with Mamata‌ Banerjee

আরও পড়ুন :অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট! কারা টাকা পাবেন জানুন

তিনি জানান, আগামী বছরের শুরুতে রাহুল গান্ধীর নেতৃত্বে ব্রিগেডে এককভাবেই সভা করবে কংগ্রেস। একই সঙ্গে স্পষ্ট করে দেন, এই মুহূর্তে রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও ধরনের জোটের সম্ভাবনা তারা দেখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন রাজনৈতিক বার্তা রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেও, প্রদেশ কংগ্রেসের অবস্থান আপাতত অপরিবর্তিত। ফলে আগামী দিনে বিজেপি-বিরোধী ভোট এক ছাতার তলায় আসবে, নাকি আলাদা লড়াইয়ের পথই বজায় থাকবে, সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের।