বাংলা হান্ট ডেস্ক: বিধানসভায় দাঁড়িয়ে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কড়া হুঁশিয়ারী দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বললেন, ‘ভাইপো পন্থী তৃণমূলের নাম-নিশান থাকবে না পশ্চিমবঙ্গে।’ একইসঙ্গে তিনি এদিন বললেন, ‘রাম মন্দির তৈরীর সময় আমরা আগে বলতাম, ইয়ে তো পেহলি ঝাঁকি হে কাশী-মথুরা বাকি হে। আমি আজকে বলছি ফলতা তো পেহলি ঝাঁকি হে রেজিনগর, নন্দীগ্রাম আভি বাকি হে।’ একইসাথে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী আজ বললেন, ‘কোন ভোটে জিততে পারবেন না।’
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘পিসি বলে ৪০০ মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল?’
রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘ফলতাতে একবার দেখেছেন। যত দিন যাবে আরও দেখবেন। হিসাব তো না হয় বের করব, গর্ত খুড়ে বের করবো। আপনারা দেখবেন পুলিশ কেউ ভালো করব।’ এরপরেই তিনি জানালেন আগামীদিনে রাজ্যে মোট ১৬ হাজার পুলিশ কনস্টেবল মাঠে নেমে যাবে। তাঁর কথায়, ‘আরও কুড়ি হাজার নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক রয়েছে, লোক লাগবে। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম। ইতোমধ্যেই সাইবার সেল চালু করে দেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ আর নয় অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক কর্মী! কড়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের
অন্যদিকে ভিনরাজ্যে চালু থাকা ১১২ প্রসঙ্গে আজ বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বললেন, ‘১১২ মানে একটা গাড়ি নয়, পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে। গুজরাট, মহারাষ্ট্র, ইউপিকে দেখে আমরা ১১২ চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায় তাহলে গড়ে তিন ঘন্টা সময় লাগে পুলিশ পৌঁছাতে। আর ইউপিতে লাগে ৬ মিনিট।’ মুখ্যমন্ত্রী জানালেন এবার আমাদের রাজ্যেও এই ১১২ মহালয়ার দিন উদ্বোধন করা হবে। শুভেন্দুবাবুর কথায়, ‘অন্যান্য রাজ্যের মত আমাদের রাজ্যেও যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করতে পারে তার ব্যাবস্থা আমরা করছি।’
একইসঙ্গে আজ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে। কেউ হাত পাতছে রাস্তায়? কাউকে যদি রাস্তায় হাত পাততে দেখা যায়, কিংবা কেউ যদি অবৈধ চালানের বাইরে কয়লা,বালি, সুপারি কিংবা পশু কারোর কাছে যদি কোনো খবর থাকে তাহলে দুই একদিনের মধ্যে ডেডিকেটেড নাম্বার দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে হবে।’
আরও পড়ুনঃ ট্রলারডুবিতে মৃত ৯ মৎসজীবি, পরিবারকে আর্থিক সাহায্য থেকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সমস্ত ধরনের দুর্নীতি বন্ধ করার জন্য বিরাট কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, স্বাস্থ্য ভবনে ইতিমধ্যেই একটি কন্ট্রোলরুম তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। একই পদ্ধতিতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে । ফারাক্কাতে হাত পাতলে, ভবানীপুরের ডিজি দেখতে পাবেন। করতে দেব না নিশ্চিন্ত থাকুন।’
এছাড়াও আজ শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নো কয়লা, নো সুপারি নো বালি, নো পশু, নো পাথর নো অবৈধ কাজ। কোথাও কিছু করতে দেব না। পৃথিবীর কোনো শক্তি এদের বাঁচাতে পারবে না।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দিনে যাতে রাজ্যের পুলিশের দক্ষতা বাড়ানো যায় তার জন্য ইতিমধ্যে তাদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছে।













