বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বর্তমান বিজেপি সরকার (Government Of West Bengal)। যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, যুবসাথী হয়েছে যুবশক্তি, একইভাবে এ বার পূর্ববর্তী মমতা সরকারের সবুজসাথী (Sabuj Sathi Cycle) প্রকল্প বদলে হচ্ছে সারথি (Sarathi)। বদল আনা হবে রং, লোগোতেও।
নয়া লুকে আসছে সবুজসাথী | Government Of West Bengal
ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্পগুলি একটাও বন্ধ হবে না। সমস্ত চালু থাকবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে এবার তৃণমূল জমানার প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজসাথীর বদলে এই প্রকল্পের নতুন নাম দেওয়া হচ্ছে সারথি। পড়ুয়াদের দেওয়া নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলে জানা যাচ্ছে।
পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে আসছে সারথি
সূত্র মারফত জানা যাচ্ছে, সরকার পরিবর্তনের পর সম্প্রতি জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের বৈঠকে এই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। ভোটের আগেই জেলায় জেলায় বিতরণের জন্য বহু সাইকেল এসে পৌঁছায়। কিন্তু সেই সমস্তটা বিতরণ করা সম্ভব হয়নি। সেসব বণ্টন না হওয়া সাইকেলে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। সেসব সাইকেলের ভোলবদলে উদ্যোগী বর্তমান সরকার।
জানা যাচ্ছে, সমস্ত সাইকেলের লোগো বদল করে রং পরিবর্তন করে উপভোক্তাদের দেওয়া হবে। অগাস্ট মাসের প্রথম দিকেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল প্রস্তুত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিতরণ করে দেওয়া হবে।

আরও পড়ুন: ‘অক্টোবর মাস, পুজোর মাসেই..,’ DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী!
পাশাপাশি এই প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনো যোগ্য পড়ুয়া বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে দপ্তর তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘সবুজসাথী’ প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হত পড়ুয়াদের। তবে তৃণমূল জমানার অন্যান্য সমস্ত প্রকল্পের মতো সবুজসাথী নিয়েও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে নানা সময়ে।













