বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে যাদবপুর স্টেশনে (Jadavpur Station) উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তার রেশ পুরোপুরি কাটার আগেই বড় ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। এবার যাদবপুর স্টেশনে তৈরি করা হবে শপিং হাব। এক ছাদের তলায় পাওয়া যাবে খাবারদাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এখানে স্টল খুলে উপার্জন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা।
যাদবপুর স্টেশনের ভোলবদলের উদ্যোগ রেলের | (Jadavpur Station)
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, যাদবপুর স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গ মিটার এলাকায় অত্যাধুনিক শপিং হাব তৈরি করা হবে। কোনও স্টল ৮০ বর্গ ফুটের বেশি হবে না। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি ভাড়া দেওয়া হবে। প্রত্যেকটি দোকান নন ফেয়ার রেভিনিউ হবে।
আরও পড়ুনঃ কৃষ্ণনগর থেকে ফ্রি AC গাড়িতে চেপে মায়াপুর! শুরু অভিনব পরিষেবা, কারা সুবিধা পাবেন জানুন
এছাড়া পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য ২০ থেকে ৩০ শতাংশ জায়গা ছাড়া থাকবে। যাত্রীদের বিশ্রামাগার ও পার্কিংয়ের জন্য থাকবে ৫ থেকে ২০ শতাংশ জায়গা। শপিং হাবের পাশাপাশি স্টেশনের পরিকাঠামো উন্নয়নেও একাধিক ঘোষণা করেছে রেল।
যাদবপুর স্টেশনকে আরও সুন্দর ও ঝাঁ চকচকে করে তুলতে নতুন টিকিট কাউন্টার তৈরি করা হবে। এর পাশাপাশি বানানো হবে লিফট সহ ফুট ওভারব্রিজ। ফলে বিশেষভাবে উপকৃত হবেন প্রবীণ নাগরিক ও বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন নাগরিকরা।
এছাড়া স্টেশনের দু’পাশে যানজটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও রকমের সমস্যা না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করতে উন্নত সার্কুলেটিং এলাকা বানানো হবে।

কয়েকদিন আগে যাদবপুর স্টেশনে অবৈধ জবরদখলকারীদের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বহু হকারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। অন্যদিকে যাত্রীরা অভিযোগ করেন, এই উচ্ছেদের ফলে রোজকার কেনাকাটায় সমস্যা হচ্ছে।
এই পরিস্থিতিতে যাদবপুর স্টেশন ঘিরে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। এর মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সামনে আয়ের পথ খুলে যাওয়ার পাশাপাশি যাত্রীদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।













