বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একসঙ্গে ৮ জন নতুন বিচারপতির শপথগ্রহণ। শুক্রবার রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শপথের আয়োজন করা হয়। সাধারণত এই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লাগলেও এবার দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিচার মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নতুন বিচারপতিরা দায়িত্ব নেওয়ায় হাইকোর্টে মামলার কাজের গতি বাড়বে বলেও আশা করা হচ্ছে।
কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ৮ নতুন বিচারপতির শপথগ্রহণ
কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি নিয়োগের দীর্ঘ প্রক্রিয়া শেষ করে অবশেষে ৮ জন আইনজীবী বিচারপতির পদে শপথ নিলেন। গত বছর ১ সেপ্টেম্বর পাঠানো নামের তালিকা নিয়ে দীর্ঘ আলোচনার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ জনের নাম সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে ৮ জনের নিয়োগে শুক্রবার অনুমোদন দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির অনুমোদনের পর সাধারণত শপথগ্রহণের জন্য কয়েক দিন অপেক্ষা করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই চিত্র দেখা যায়নি। শনিবার বিকেলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সেদিনই বিকেল ৪টা ১৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।
বিচারপতি হিসেবে এদিন শপথ নেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপকুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিশদ মেদোরা। তাঁরা সকলেই কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। অনুষ্ঠানে হাই কোর্টের(Calcutta High Court) অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। শপথের পর নতুন বিচারপতিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আইনজীবী মহলের একাংশের মতে, নতুন বিচারপতিরা যোগ দেওয়ায় সোমবার থেকেই হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বাড়বে। ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার শুনানি ও নিষ্পত্তির কাজ দ্রুত এগোতে পারে। এতে সাধারণ বিচারপ্রার্থীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, একই দিনে মাদ্রাজ ও কর্নাটক হাই কোর্টের কয়েক জন বিচারপতির নিয়োগেও রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। তবে মাদ্রাজ হাইকোর্ট শপথগ্রহণের দিন হিসেবে সোমবার নির্ধারণ করেছে। কর্নাটক হাইকোর্টে শপথ হবে রবিবার।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে আজ বিশেষ কর্মসূচি, অভয়ার স্মৃতিতে সমস্ত হাসপাতালে বড় নির্দেশ
বিচার মহলের একাংশের মতে, বিচারপতিদের সর্বভারতীয় সিনিয়রিটির ক্ষেত্রে শপথগ্রহণের তারিখ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে অন্য হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টে নিয়োগের ক্ষেত্রে এই সিনিয়রিটি প্রভাব ফেলতে পারে। সেই কারণেই কলকাতায় দ্রুত শপথের আয়োজন করা হয়েছে বলে অনেকের ধারণা। যদিও এ বিষয়ে কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাষ্ট্রপতির অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বিচারপতির শপথগ্রহণ কলকাতা হাইকোর্টের ইতিহাসে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।













