বাংলাহান্ট ডেস্ক : অফিস থেকে ফেরার সময় আর চিন্তা নেই। রাজ্য সরকার পরিচালিত গণপরিবহন অ্যাপ ‘যাত্রী সাথী’তে (Yatri Sathi) চালু হতে চলেছে শাটল পরিষেবা। কর্মক্ষেত্রে দেরি হয়ে গেলেও আর বাড়ি ফেরা নিয়ে থাকবে না কোনও চিন্তা। যাত্রী সাথী অ্যাপে টিকিট কাটলেই পাবেন শাটল পরিষেবার সুবিধা।
শাটল পরিষেবা চালু যাত্রী সাথীর (Yatri Sathi)
গত জুলাই মাস থেকে দুটি রুটে চালু হয়েছিল যাত্রী সাথীর শাটল পরিষেবা। এবার ধাপে ধাপে পরিষেবার পরিধি বাড়ানো হচ্ছে। কোন কোন রুটে চালু হচ্ছে এই নতুন পরিষেবা? কম খরচে গন্তব্য স্থলে পৌঁছাতে দেখে নিন সব রুট।

কোন কোন রুটে চলবে: জানা যাচ্ছে, মোট ৫ টি রুটে আপ ডাউন শাটল পরিষেবা চালু হবে যাত্রী সাথীর। এর মধ্যে রয়েছে বালি থেকে সল্টলেক সেক্টর ফাইভ, ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ, নিউটাউন থেকে সোনারপুর, সেক্টর ফাইভ থেকে শ্রীরামপুর আর সোনারপুর থেকে নিউ টাউন পর্যন্ত রুট। প্রথমবার এই পরিষেবা ব্যবহার করলে মাত্র ৩৯ টাকা ভাড়া দিতে হবে যাত্রীকে। এরপর থেকে নিয়মিত যাত্রা করলে সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা স্থির করা হয়েছে। রুট এবং স্টপেজ অনুযায়ী নির্ধারিত হবে ভাড়া।
আরও পড়ুন : কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ? মামলা উঠল হাইকোর্টে
কীভাবে বুক করবেন: শাটল পরিষেবা বুক করার জন্য যাত্রী সাথী অ্যাপ (Yatri Sathi) ডাউনলোড করে ‘শাটল’ বুকিং অপশনে যান। সেখানে কোন রুটের গাড়ি বুক করবেন তা বেছে নিতে হবে। এরপর স্টপেজ চিহ্নিত করে ‘Confirm’ অপশনে ক্লিক করুন। এরপর কোন সময়ে শাটল আছে, ভাড়া কত তা দেখানো হবে। শাটলের নম্বরও উল্লেখ করে দেওয়া হবে। এরপর অনলাইনে গাড়ি বুক করে নিতে পারবেন।
আরও পড়ুন : রাজ্যে চালু একগুচ্ছ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?
যাত্রী সাথী শাটল পরিষেবায় থাকছে একটি ফিক্সড ভাড়া। ফলে খরচ বাঁচবে যাত্রীদের। রাতে অফিস থেকে ফেরার সময় চিন্তা থাকবে না। স্বল্পমূল্যে, আরামদায়ক ভাবে যাতায়াত করা যাবে। মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।













