বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সোলার প্যানেলের (Solar Panel) ব্যবহার। মূলত, ক্রমবর্ধমান বিদ্যুতের বিল (Electricity Bill) এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই বাড়িতে সোলার প্যানেল বসাচ্ছেন। এদিকে, সোলার প্যানেল কেনার সময়ে এখন বিভিন্ন ধরণের বিকল্প উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, একজন গ্রাহক বিভ্রান্তির মধ্যে পড়েন এবং বুঝতে পারেন না কোন প্যানেলটি তাঁর বাড়ির জন্য সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন (Electricity Generation) করতে পারবে। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাই সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
বাড়িতে ব্যবহারের জন্য কোন সোলার প্যানেল (Solar Panel) সবথেকে উপযোগী?
আপনার ছাদের জন্য কোনটি উপযুক্ত: আপনি যদি সোলার প্যানেল লাগানোর কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে প্রধানত ৩ ধরনের প্যানেল পাওয়া যায়। এগুলির মধ্যে রয়েছে মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন এবং থিন-ফিল্ম প্যানেল। মনোক্রিস্টালাইন প্যানেল একটিমাত্র সিলিকন ক্রিস্টাল থেকে তৈরি হয়। যার ফলে এর রঙ হয় গাঢ় কালো এবং দেখতে হয় আকর্ষণীয়। অন্যদিকে, পলিক্রিস্টালাইন প্যানেল একাধিক সিলিকন খণ্ডকে একসঙ্গে গলিয়ে তৈরি করা হয়। যার ফলে এর রঙ হয় হালকা নীল। তৃতীয় প্রকার তথা থিন-ফিল্ম প্যানেল সাধারণত বড় বাণিজ্যিক প্রকল্পে ব্যবহৃত হয়। বাড়ির ছাদের জন্য এগুলি ভালো বিকল্প নয়। কারণ এগুলি স্থাপন করতে অনেক জায়গার প্রয়োজন হয়।

কোন প্যানেল বেশি বিদ্যুৎ উৎপাদন করে: জানিয়ে রাখি যে, একটি সোলার প্যানেলের গুণমান পরিমাপ করা হয় সেটি কতটা ভালোভাবে সূর্যালোককে বিদ্যুতে রূপান্তরিত করে তার উপর ভিত্তি করে। প্রযুক্তিগতভাবে একে ‘এফিশিয়েন্সি’ বলা হয়। সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, মনোক্রিস্টালাইন প্যানেলগুলি স্পষ্টভাবে এগিয়ে থাকে। এগুলির এফিশিয়েন্সি সাধারণত ১৯ থেকে ২৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, পলিক্রিস্টালাইন প্যানেলের এফিশিয়েন্সি তুলনামূলক কম। প্রায় ১৫ থেকে ১৭ শতাংশ। এর সহজ অর্থ হল, আপনার ছাদে জায়গা সীমিত থাকলে, একই পরিমাণ জায়গায় একটি পলিক্রিস্টালাইন প্যানেলের চেয়ে একটি মনোক্রিস্টালাইন প্যানেল বেশি বিদ্যুৎ উৎপাদন করবে।
আরও পড়ুন: যেকোনও মুহূর্তে বড় বিপদের আশঙ্কা! ১১০ টি দেশের iPhone ব্যবহারকারীকে সতর্ক করল Apple
গঠন দ্বারা শক্তি নির্ধারিত হয়: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে একটি মনোক্রিস্টালাইন প্যানেল কীভাবে এত বেশি শক্তি উৎপাদন করে? এর উত্তর ওই প্যানেলের অভ্যন্তরীণ গঠনে নিহিত। এই প্যানেলটি একটি একক সিলিকন ক্রিস্টাল কেটে তৈরি করা হয়। এটি এর ভেতরের ইলেকট্রনগুলিকে একটি অভিন্ন দিকে মসৃণভাবে প্রবাহিত হতে দেয়। যার ফলে শক্তির অপচয় ন্যূনতম হয়। অন্যদিকে, পলিক্রিস্টালাইন প্যানেলগুলি একসঙ্গে সংযুক্ত অনেকগুলি ছোট ক্রিস্টাল দিয়ে গঠিত। এই ক্রিস্টালগুলির সীমানায় ইলেকট্রনের প্রবাহ বাধা পায় হয়। ফলে এর বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমে যায়।
আরও পড়ুন: Oppo-OnePlus ও Realme-র মোবাইল ফোন তৈরি করবে এই ভারতীয় সংস্থা! প্রতিবছর ৮০ লক্ষ উৎপাদন
প্রচণ্ড রোদেও উচ্চ বিদ্যুৎ উৎপাদন: উল্লেখ্য যে, বর্তমানে মনোক্রিস্টালাইন প্যানেলের বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। TOPCon এবং Heterojunction-এর মতো নতুন প্রযুক্তিযুক্ত আধুনিক প্যানেল এখন পাওয়া যাচ্ছে। এই প্যানেলগুলি প্রচলিত মনোক্রিস্টালাইন প্যানেলের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন করে। যার এফিশিয়েন্সি ২২ থেকে ২৪ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। সবচেয়ে বড় সুবিধা হল, এই প্যানেলগুলি ভারতের মতো উষ্ণ দেশেও তাদের পূর্ণ ক্ষমতায় কাজ করে। যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যন্ত বেশি হতে পারে। অর্থাৎ, প্রচণ্ড গরমেও এদের কার্যক্ষমতা কমে না। তাই, আপনার বাজেট সম্পর্কে পিছুটান না থাকলে এই আধুনিক প্যানেলগুলি বেছে নেওয়াটাই শ্রেয় হতে পারে। কারণ, এর ফলে আপনি লাভবান হবেন।













