বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বিতর্ক বাড়ছে দিন দিন। অধিকাংশ আবেদনকারী ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে গেলেও এবারের বহু যোগ্য বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসে উঠেছেন বঞ্চিত ‘যোগ্য’ আবেদনকারীরা। কেন প্রতিশ্রুতি দিয়েও তাঁদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
অন্নপূর্ণার টাকা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
শনিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে ২৮ লাখ পেয়েছিলেন। জুলাইয়ে ১ কোটি ১৯ লাখ পেয়েছেন। অগস্টে ১ কোটি ৪৫ লাখ লোককে দিয়েছে। প্রসেস আছে। করবে। এত তাড়াহুড়োর কী আছে।’ যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
একইসাথে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে মহিলাদের যে বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধৈর্য রাখবেন, যাঁরা পাওয়ার, তাঁরা ঠিক পাবেন। যাঁরা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না। তাঁরা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান। তাতে কোনও লাভ হবে না। এই সরকার মাথা নীচু করার সরকার নয়।’

অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছিলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা। যাঁরা যোগ্য হয়েও আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সরকার তরফে। সেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।
আরও পড়ুন: নিম্নচাপে আবহাওয়ার ডিগবাজি দুপুরেই! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি : আবহাওয়ার খবর
উল্লেখ্য, জুন ও জুলাই মাসের প্রথম দিকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হলেও অগাস্ট মাসে তা হয়নি। যাচাই প্রক্রিয়া চলার কারণে ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে অভিযোগ এবারেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যা নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ। রীতিমতো উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।













