বাংলা হান্ট ডেস্ক : ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া জটিলতা এবার একসঙ্গে মেটানোর পথে সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যের নতুন সংরক্ষণ কাঠামোকে চ্যালেঞ্জ করে বিভিন্ন পক্ষের দায়ের করা মামলাগুলি আলাদা আলাদা ভাবে না শুনে একত্রে শুনবে বলে জানিয়েছে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপিত হওয়ার পরই আদালতের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট
রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা নিজেদের মামলা প্রত্যাহার করে নিয়েছে। সেই সময় মামলা খারিজ করার সময় জানিয়েছিল, মামলা প্রত্যাহারের কারণে কোনও ব্যক্তি নিজের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করলে তিনি চাইলে পৃথক ভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।
রাজ্য সরে দাঁড়ালেও বিষয়টি নিয়ে আইনি লড়াই থেমে যায়নি। বিভিন্ন পক্ষের দায়ের করা মামলা এখনও রয়েছে। সেই মামলাগুলিই এবার একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুপ্রিম কোর্ট থেকে রাজ্য নিজের মামলা প্রত্যাহার করার পর ওবিসি সংরক্ষণের হার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৪ জুলাইয়ের শুনানিতে রাজ্যের তরফে আদালতকে জানানো হয়েছিল, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে চলা আবেদনটি প্রত্যাহার করতে চায় রাজ্য। প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন মেনে মামলা প্রত্যাহারের অনুমতি দেয়।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের রায়ের পর রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে নতুন করে বিধানসভায় দুটি বিল পাশ করিয়েছে। সরকারের বক্তব্য, হাই কোর্টের নির্দেশ মেনেই আগের সংরক্ষণ কাঠামো ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ। নতুন ব্যবস্থায় ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে ওবিসি হিসেবে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়কে তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, ৭৭টি সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ পড়েছে।

আরও পড়ুন :বকেয়া DA-র হিসেবে বড় গরমিল! ফের হাজার হাজার টাকা ঢুকতে শুরু করল অ্যাকাউন্টে
এর আগে কলকাতা হাইকোর্ট বাম সরকারের শেষ পর্ব থেকে তৃণমূল সরকারের শুরুর সময় পর্যন্ত ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্বতন সরকার প্রায় দুবছর ধরে ওই রায়ের উপর স্থগিতাদেশ চায় রাজ্য। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার, সুপ্রিম কোর্টে দায়ের করা রাজ্যের মামলা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ওবিসি সংরক্ষণ মামলা শোনার পর কী রায় দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই নজর থাকবে।













