বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। এই কাণ্ডে নাম জড়িয়েছিল একাধিক ‘রাঘব বোয়ালের’। এবার সেই এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি (ED)। সোমবার ইডি আদালতে এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে।
চার্জশিটে চাকরির ‘রেট চার্ট’ তুলে ধরেছে ইডি | (Enforcement Directorate)
এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, প্রসন্ন রায় ও কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে দাবি করা হয়েছে, রীতিমতো ‘রেট চার্ট’ ধরে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি ‘বিক্রি’ করা হয়েছে। জমা দেওয়া চার্জশিটে সেই ‘রেট চার্টের’র কথাও তুলে ধরেছে ইডি।
এদিন ইডি আদালতে জমা দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সির দাবি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট ‘রেট’ ছিল। চাকরি পাওয়ার জন্য কত টাকা করে দিতে হত? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গ্রুপ সি পদের জন্য ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা দিতে হত।
এখানেই শেষ নয়! চার্জশিটে আরও বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁরা জানিয়েছে, টাকা নিয়ে র্যাঙ্ক জাম্প করানো থেকে শুরু করে ওএমআর শিটও জাল করা হয়েছে।

এদিন পার্থ, অর্পিতা ও দু’জন মিডলম্যান প্রসন্ন ও কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত। এর মধ্যেই বিস্ফোরক চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে তাঁদের চাপ বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকে। এরপর এই মামলায় কী মোড় আসে আপাতত সেদিকেই নজর সকলের।













