বাংলা হান্ট ডেস্ক : দূরপাল্লার যাত্রীদের জন্য অমৃত ভারত এক্সপ্রেসে (Amrit Bharat Express) এবার আসতে পারে বড় পরিবর্তন। এতদিন মূলত জেনারেল ও স্লিপার ক্লাসের যাত্রার জন্য পরিচিত এই ট্রেনে এবার যুক্ত হতে পারে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। অমৃত ভারত ট্রেনের সংস্করণে AC ফার্স্ট ক্লাস, AC ২-টায়ার এবং AC ৩-টায়ারের মতো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।
অমৃত ভারত এক্সপ্রেসে (Amrit Bharat Express) নতুন পরিষেবা
২০২৩ সালে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সাশ্রয়ী দূরপাল্লার যাতায়াতের মাধ্যম হিসেবে অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন রুটে ৬০টিরও বেশি অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করছে। স্লিপার ক্লাসে প্রতি ১,০০০ কিলোমিটারের জন্য ভাড়া প্রায় ৫০০ টাকা হওয়ায় যাত্রীদের কাছে এই ট্রেন বেশ সাশ্রয়ী। অমৃত ভারত এক্সপ্রেসের চাহিদা যে বাড়ছে, তার স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে স্লিপার ক্লাসের আসন দখলের পরিসংখ্যানে। রেল সূত্রের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি অমৃত ভারত ট্রেনে স্লিপার ক্লাসের গড় অকুপেন্সি ১০০ শতাংশের গণ্ডিও পেরিয়ে যাচ্ছে।
অমৃত ভারত এক্সপ্রেসের নকশার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পুশ-পুল প্রযুক্তি। ট্রেনের সামনের পাশাপাশি পিছনের দিকেও লোকোমোটিভ থাকায় ট্রেনের গতি বাড়ানো বা কমানোর ক্ষেত্রে সুবিধা হয়। এই ব্যবস্থার ফলে অমৃত ভারত সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। অমৃত ভারত এক্সপ্রেসে যাত্রীদের আরাম বাড়াতে শুরু থেকেই একাধিক আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। ফোল্ডেবল স্ন্যাক টেবিল থেকে উন্নত আসন ও বার্থ, LED আলো, মোবাইল ফোন হোল্ডার এবং USB Type-A ও Type-C চার্জিং পোর্ট—সবই রয়েছে এই ট্রেনে।
অমৃত ভারত ২.০-এর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তার মধ্যেই পরবর্তী সংস্করণ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF-কে অমৃত ভারত ২.০-এর জন্য ৫০টি ট্রেন সেট তৈরির অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ৩২টি ট্রেন সেট তৈরি হয়ে গিয়েছে। চলতি বছরে বাকি ১৮টি ট্রেন সেটও তৈরি হওয়ার কথা।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ নবান্নের, রাজ্যেই কাজের ব্যবস্থা করবে সরকার
উল্লেখ্য, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে অমৃত ভারত ৩.০-এর প্রস্তুতি। নতুন সংস্করণে AC কোচ যুক্ত করার পরিকল্পনাই এই পর্যায়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই ১৪টি রেক তৈরির অর্ডার দেওয়া হয়েছে।













