বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ফের সুখবর দিল নবান্ন। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) ও সমগোত্রীয় একাধিক ক্যাটাগরির কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাস (Ad-Hoc Bonus) ঘোষণা করা হল। বৃহস্পতিবার অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। তবে এই বোনাস পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রয়েছে।
অ্যাড-হক বোনাস কারা পাবেন? | (Ad-Hoc Bonus)
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীদের মাথাপিছু সর্বাধিক ৭৪০০ টাকা অবধি অ্যাড-হক বোনাস দেওয়া হবে। তবে ২০২৬ সালের ৩১ মার্চ অবধি যেসব কর্মীর সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি নয়, শুধুমাত্র তাঁরাই এই বোনাস পাওয়ার যোগ্য।
আরও পড়ুনঃ তোলাবাজি করলেই গ্রেফতার, যেতে হবে জেল! পুলিশকে পাশে নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের
রাজ্য জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ অবধি যেসব কর্মচারীর প্রাক-সংশোধিত বেতন কাঠামো (রোপা ২০০৯), সংশোধিত বেতন কাঠামো (রোপা ২০১৯) বা নির্দিষ্ট চুক্তির মেয়াদের ভিত্তিতে মোট মাস মাইনে (মূল বেতন+ ডিএ+ এনপিএ ইত্যাদি) ৪৬ হাজার টাকার মধ্যে তাঁদের অ্যাড-হক বোনাস দেওয়া হবে। তবে মেডিক্যাল অ্যালাওয়েন্স, বাড়ি ভাড়া ভাতা বা অন্যান্য বিশেষ ভাতা এই আওতাভুক্ত নয়।
এছাড়া যেসব কর্মচারীর বেতন বছরের মাঝামাঝি সময়ে ডিএ বৃদ্ধি, ইনক্রিমেন্ট বা প্রোমোশনের কারণে ৪৬ হাজার টাকা পেরিয়ে গিয়েছে, তবে ২০২৫-২০২৬ অর্থবর্ষের অন্তত ছয় মাস নির্দিষ্ট সীমার নিচে বেতন ছিল, তাঁদেরকেও এই বোনাস দেবে রাজ্য সরকার। পাশাপাশি উল্লিখিত অর্থবর্ষে অন্তত ছয় মাস একটানা পরিষেবা দিলে বোনাস পাওয়া যাবে। ছয় মাস থেকে এক বছরের মধ্যে কর্মরতদের আনুপাতিক হারে বোনাস প্রদান করবে রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী ও বছরে অন্তত ১২০ দিন কাজ করা ক্যাজুয়াল কর্মীদেরও অ্যাড-হক বোনাস দেওয়া হবে। নির্দিষ্ট সূত্র ও নিয়মের ভিত্তিতে তাঁরাও সর্বাধিক ৭৪০০ টাকা বোনাস পাওয়ার যোগ্য।
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী রাজ্য সরকারি কর্মচারীদের ইদ-উল-ফিতরের আগে এই বোনাস দিতে হবে। বাকিদের ক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া রাজ্য সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা, স্বায়ত্তশাসিত সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা বিগত বছরের নিয়ম অনুযায়ী এই হারের এক্স-গ্রাশিয়া বা বোনাস পাবেন। এর জন্য আলাদাভাবে অর্থ দফতরে ফাইল না পাঠিয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকেই সরাসরি নির্দেশিকা জারি করার অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ একধাক্কায় ২০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এবার অ্যাড-হক বোনাস নিয়ে সুখবর দিল নবান্ন।













